এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ পিএম
চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করলো ভারত
আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ^কাপের ১৬তম আসর। এর আগে ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ^কাপের প্রাথমিক দল ঘোষণা করার জন্য সময় বেঁধে দিয়েছিলো আইসিসি। শেষ দিনেই মঙ্গলবার দুপুরে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।
দলে ফিরেছেন চায়নাম্যান কুলদীপ যাদব। আর ছিটকে গিয়েছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং লেগস্পিনার ইউজবেন্দ্র চাহাল। এশিয়া কাপের দল গঠনের বেলায় কুলদীপের তুলনায় চাহালকে এগিয়ে রাখায় বেশ সমালোচনার মুখেই পড়েছিলেন ভারতের নির্বাচকরা। এবার অবশ্য যাদবের উপরেই আস্থা রেখেছেন তারা।
রোহিত শর্মাকে অধিনায়ক করে ঘোষিত এই দলে জায়গা হয়নি স্যাঞ্জু স্যামসনের। উইকেটরক্ষক এই ব্যাটারকে এশিয়া কাপে রাখা হয়েছিল ব্যাকআপ ক্রিকেটার হিসেবে। তবে নিজ দেশের বিশ্বকাপে তাকে দর্শক হয়েই থাকতে হচ্ছে।
আরেক উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুলের জায়গা আগেই নির্ধারিত ছিল। এশিয়া কাপেও তাকে পাওয়ার প্রত্যাশা ছিল। তবে, শেষ পর্যন্ত আর খেলা হচ্ছেনা তার। নির্বাচকদের প্রত্যাশা বিশ্বকাপে পুরোপুরি ফিট হিসেবেই পাওয়া যাবে আগ্রাসী এই ব্যাটারকে।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি