এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ পিএম
পিএসজিতে আমি এবং মেসি নরকের মধ্যে বেঁচে ছিলাম: নেইমার
লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের বন্ধুত্বের কথা ফুটবল প্রেমিদের সবার জানা। দু’জন চিরপ্রতিদ্বন্দ্বী দু’দেশের হলেও তাদের বন্ধুত্বের মাঝে কখনো দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি। যার শুরুটা হয়ে বার্সেলোনায় আসার পর। মাঝখানে নেইমার পিএসজিতে গেলেও সেই বন্ধুত্বে ভাটা পড়েনি। অবশেষে ২০২১ সালে প্যারিসে আবার জুটি বাঁধেন দুজনে। স্বপ্ন ছিল পিএসজিকে সাফল্য এনে দেয়ার। কিন্তু সেটি সেখানে হয়ে উঠেনি। উল্টো তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে শেষ হয়েছে প্যারিস অধ্যায়।
পিএসজি ছেড়ে মেসির ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি আর নেইমারের ঠিকানা সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। সম্প্রতি ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তেকে দেয়া সাক্ষাৎকারে নেইমার কথা বলেন তার ও মেসির প্যারিস অভিজ্ঞতা সম্পর্কে।
নেইমার বলেন, প্যারিসে আমরা নরকবাস করেছি। আমরা সেখানে নিজেদের সেরাটা দিতেই গিয়েছিলাম। চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে চেয়েছিলাম। সে জন্যই আমরা (মেসির সঙ্গে) আবার একসঙ্গে খেলা শুরু করেছিলাম। একসঙ্গে ইতিহাস গড়তে চেয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি। সূত্র: চ্যানেল২৪
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী মেসিকে নিয়ে নেইমার আরো বলেন, আর্জেন্টিনার হয়ে সে স্বর্গবাস করেছে। তার জন্য খুব আনন্দিত হয়েছিলাম। কিন্তু প্যারিসে সে নরকবাস করেছে। আমার মতে, প্যারিসে তার সঙ্গে অন্যায় করা হয়েছে। ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে সে (পিএসজি থেকে) যেভাবে চলে গিয়েছে, সেটি প্রাপ্য ছিল না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি