এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম
বাংলাদেশ-পাকিস্তান বুধবার সুপার ফোরে মুখোমুখি
তিন বার ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। এবার শিরোপা জয়ের আশা নিয়েই এশিয়া কাপে খেলতে গেছে টাইগাররা। ইতোমধ্যে সুপার ফোর নিশ্চিত করে এইপর্বে প্রথম ম্যাচে মাঠে নামার অপেক্ষায় রয়েছে লাল-সবুজের দলটি। বুধবার (৬ সেপ্টেম্বর) সাকিব আল হাসানরা মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তানের।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
তীব্র গরমের কারণে মঙ্গলবার লাহোরে সাকিবদের অনুশীলন বাতিল করা হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলন হলে অবশ্য ভালো হতো।
আফগানিস্তানের বিপক্ষে গত রোববার নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজের জোড়া সেঞ্চরিতে ৮৯ রানের বড় জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
সুপার ফোরে প্রথম ম্যাচে অবশ্য বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর দল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে হেড টু হেডে সাত নম্বরে থাকা বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে। এ পর্যন্ত ৩৭ ম্যাচের মধ্যে ৩৫টিতে জয়লাভ করেছে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান। আর বাংলাদেশ জিতেছে মাত্র ৫ বার।
প্রচণ্ড জ্বরের কারণে এশিয়া কাপের শুরুতে দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারেননি লিটন কুমার দাস। তার বদলে দলে নেয়া হয় ওপেনার এনামুল হক বিজয়কে। এখন সুস্থ হওয়ায় লিটনকে উড়িয়ে নেয়া হয়েছে পাকিস্তানে। সোমবার রাতেই তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন।
লিটন দলের সঙ্গে যোগ দিলেও এ পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিং চোটের কারণে আর খেলতে পারবেন না। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রান করার পর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরা লড়াইয়ে ১০৫ বলে ১০৪ রানের দূরন্ত সেঞ্চুরি হাঁকান দলের অন্যতম ব্যাটিং কান্ডারি শান্ত।
বাংলাদেশ ১৯৯৯ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডেতে জয়লাভ করে। এরপর ২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজে স্বাগতিক দল হিসেবে বাংলাদেশ ৩-০ ম্যাচে হোয়াইটওয়াশ করে পাকিস্তানকে। আর বাংলাদেশ তাদের বিপক্ষে শেষ ওয়ানডে জয় পায় ২০১৮ সালে আবুধাবিতে এশিয়া কাপে।
দু’দলের সর্বশেষ ম্যাচে অবশ্য পাকিস্তান জয়ী হয় ২০১৯ সালে লর্ডসে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচটিতে।
পাকিস্তানের মাটিতে খেলা হচ্ছে বলে তারা গ্যালারীর সমর্থন বেশি পাবে। তবে মনোবলের দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে একটি কারণে। সেটা হলো, দু’দলের সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে ৪টিতে। ফলাফল যেটাই হোক, ম্যাচটি হবে দারুণ উপভোগ্য।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি