এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম
দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রত্যাশা মিয়ানমার জেনারেলের
মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন মিয়ানমারের রাজধাৃনী নেপিডোতে দেশটির স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর কাছে পরিচয়পত্র পেশ করার শেষে এক বৈঠকে এ প্রত্যাশা ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত রোহিঙ্গাদের যথাসম্ভব দ্রুত, নিরাপদ, টেকসই ও স্বেচ্ছায় প্রত্যাবাসন শুরুর বিষয়ে বাংলাদেশ সরকারের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান এ বিষয়ে তার সরকারের আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা প্রকাশ করে শিগগিরই প্রত্যাবাসন শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার পরিচয়পত্র পেশকালে মিয়ানমারের রাষ্ট্রাচার বিভাগের প্রতিনিধিরা রাষ্ট্র্রদূতকে দূতাবাসের প্রতিনিধিসহ হোটেল থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা যোগে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যান। সেখানে রাষ্ট্রাচার মহাপরিচালক তাকে স্বাগত জানান।
আলোচনার শুরুতেই স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান মিন অং হ্লাইং রাষ্ট্রদূত মনোয়ার হোসেনকে অভিনন্দন জানান এবং উপস্থিত মিয়ানমার সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এর মাধ্যমে বাংলাদেশ-মিয়ানমার দ্বি-পক্ষীয় সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আলোচনাকালে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবাসন, বাণিজ্য সম্পর্ক, আকাশ, স্থল ও নৌ-পথে যোগাযোগ বৃদ্ধি, মানব পাচার, মাদক পাচার ও অস্ত্র চোরাচালানসহ প্রথাগত ও অপ্রথাগত নিরাপত্তা-সহযোগিতা, সামরিক সহযোগিতা এবং জনযোগাযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি