এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৯ পিএম
নকশীকাঁথায় ফুটে উঠেছে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি
পশ্চিমবঙ্গের অন্যতম নকশিকাঁথার রুপকার জহর আলী মল্লিক। এবার বাংলাদেশের জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একত্রিত ছবি ফুটিয়ে তুলেছে তার নকশিকাঁথায়। প্রধানমন্ত্রীর কাছে খুব শিগগিরই পৌঁছে যাবে এই নকশিকাঁথাটি।
পশ্চিমবঙ্গের কলকাতার খুব কাছেই উত্তর ২৪ পরগনা জেলায় যশোর রোডের পাশেই তার বাসস্থান। বর্তমানে তার কাছে হাতের কাজ করেন প্রায় ৬০ জন কর্মচারী।
শুধু বাংলাদেশ বা ভারতই নয়, নেট দুনিয়ায় বর্তমানে জহরকে চেনে গোটা পৃথিবী। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম, বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক ব্যক্তিদের ছবি ছুঁই সুতো দিয়ে তার নকশিকাঁথায় ফুটিয়ে তুলেছেন তিনি।
এর আগে ২০১৭ সাথে শেখ হাসিনার ছবি তৈরি করেছিলেন। সেই ছবি কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসের হাত ধরে বাংলাদেশে পৌঁছে গেছে। জহর আলীর ইচ্ছা এবার যদি তিনি নিজে গিয়ে এই ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারেন, তাহলে নিজেকে গর্বিত মনে করবেন।
তার কথায়, বাংলাদেশ আর এপার বাংলার মধ্যে কাঁটাতারের বেড়া ছাড়া কোন পার্থক্য নেই। দুই বাংলার মানুষের কালচার কৃষ্টি এক। প্রতিবেশী দেশ (বাংলাদেশ) দ্রুত এগিয়ে যাচ্ছে। শেখ মুজিবের সেই ভাষন একটা বিশেষ জায়গা করে নিয়েছে, যা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। বর্তমানে হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে। নিজেকে একজন বাঙালি হিসাবে গর্ব করেন রূপকার জহর আলী। তাই নিজের তৈরি নকশিকাঁথা উপহার দিতে পারলে তিনি ধন্য হবেন বলে জানিয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি