ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নিজের বেতন না বাড়িয়ে মন্ত্রী বিধায়কদের বেতনবৃদ্ধি করলেন মমতা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৯ পিএম

নিজের বেতন না বাড়িয়ে মন্ত্রী বিধায়কদের বেতনবৃদ্ধি করলেন মমতা

 নিজের বেতন না বাড়িয়ে মন্ত্রী বিধায়কদের বেতনবৃদ্ধি করলেন মমতা

প্রতি স্তরেই ৪০ হাজার রুপি করে বেতন বৃদ্ধি করেছে সরকার। বৃহস্পতিবার বিধানসভায় তা ঘোষণা করেছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা এ-ও জানিয়েছেন, নিজের বেতন তিনি বৃদ্ধি করবেন না।

বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।’’

নিজের বেতন বৃদ্ধি করবেন না বলে বিধানসভার অধিবেশনেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বলেন, ‘‘সাবেক এমপি হিসাবে আমি পেনশন বাবদ এক লাখ রুপি পাই। এ ছাড়াও, বিধায়ক হিসাবে আমি বেতন পাই। কিন্তু নিই না। আমি আমার বই বিক্রির স্বত্ব বাবদ যা টাকা পাই, তা দিয়েই আমার চলে যায়।’’

বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার রুপি। তা বেড়ে হল ৫০ হাজার রুপি। রাজ্যের প্রতিমন্ত্রীরা এত দিন মাসে ১০ হাজার ৯০০ রুপি করে পেতেন। এখন থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ রুপি। এ ছাড়া, রাজ্যে যে পূর্ণমন্ত্রীরা আছেন, তাঁদের বেতন ছিল ১১ হাজার রুপি । তাঁরা বেতন বাবদ এ বার থেকে ৫১ হাজার রুপি পাবেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি