এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৯ পিএম
কূটনৈতিক সম্পর্ক গড়ার পথে সৌদি-ইসরায়েল, সায় দিতে পারে ফিলিস্তিন
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, এ বিষয়ে আলোচনা করতে বুধবার সৌদির উচ্চপদস্থ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেছিল ফিলিস্তিনের শাসক দল ফিলিস্তিন অথরিটির (পিএ) প্রতিনিধি দল। তারা এখন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠকে বসবে।
সৌদির সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছে ফিলিস্তিন। তারা বলেছে, তাদের বিপুল পরিমাণ অর্থ এবং অধিকৃত পশ্চিম তীরে ওপর আরও নিয়ন্ত্রণ দিতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে: ক) পশ্চিমতীরের যেসব অংশ ইসরায়েল অবৈধভাবে দখল করে রেখেছে সেগুলোর নিয়ন্ত্রণ ফিলিস্তিনের হাতে তুলে দিতে হবে, খ) পশ্চিম তীরে ইসরায়েলি ক্রমবর্ধমান বসতি সম্পূর্ণ বন্ধ করতে হবে, গ) পূর্ব জেরুজালেমে আবারও যুক্তরাষ্ট্রের কনস্যুলেট খুলতে হবে, যেটি তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প বন্ধ করে দিয়েছিলেন এবং ঘ) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার আলোচনা আবারও শুরু করতে হবে, যেটি ২০১৪ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সময় বন্ধ হয়ে গিয়েছিল। আলোচনা সেখান থেকেই শুরু করতে হবে যেখানে এটি বন্ধ হয়ে গিয়েছিল।
সৌদি-ইসরায়েলের মধ্যে সম্পর্ক তৈরি করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবেই এ ব্যাপারে আলোচনায় বসেছে ফিলিস্তিন অথরিটি।
ইসরায়েল-সৌদির সম্পর্কের বিষয়টি পুরোটি দেখভাল করবে যুক্তরাষ্ট্র। তারাই সবকিছু করবে। এর বদলে মার্কিনিদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক চুক্তি করতে পারবে সৌদি। তবে এটি যে এখনই হয়ে যাবে - এমন সম্ভাবনা কম। তাছাড়া বিষয়টি বাস্তবে রূপ নিতেও অনেক সময় লাগবে বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভানও বলেছেন, ‘আমরা এখনই কোনো ধরনের ঘোষণা দেখতে পাব না।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি