ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অ্যান্টার্কটিকা থেকে অসুস্থ গবেষককে উদ্ধার করল অস্ট্রেলিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৯ পিএম

অ্যান্টার্কটিকা থেকে অসুস্থ গবেষককে উদ্ধার করল অস্ট্রেলিয়া

 অ্যান্টার্কটিকা থেকে অসুস্থ গবেষককে উদ্ধার করল অস্ট্রেলিয়া

অ্যান্টার্কটিকার একটি দুর্গম গবেষণা স্টেশন থেকে একজন অসুস্থ গবেষককে সফলভাবে উদ্ধার করেছে অস্ট্রেলিয়া। গত সপ্তাহে এই গবেষকের কাছে পৌঁছানোর জন্যে একটি জরুরি উদ্ধার অভিযানে আইস ব্রেকার জাহাজ আরএসভি ছাড়াও চিকিৎসক দল, এবং ২টি হেলিকপ্টার পাঠানো হয়।

অস্ট্রেলিয়ান অ্যান্টার্কটিক প্রোগ্রাম (এএপি) এক বিবৃতিতে জানায়, উদ্ধারের পর গবেষককে এখন উন্নত চিকিৎসার জন্যে তাসমানিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে এই গবেষক কী রোগে আক্রান্ত, সে  সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এধরনের গবেষণা কেন্দ্রে চিকিৎসা সুবিধা থাকে সীমিত। শীতকালে সবচেয়ে বৈরি ও বিপদসঙ্কুল পরিস্থিতিতে সেখানে প্রায় ২০ জনের মতো মানুষ বাস করে।

জাহাজটি গবেষকটির কাছে পৌঁছানোর জন্য ৩ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে। রোববার এটি ক্যাসি গবেষণা স্টেশনের যথেষ্ট কাছাকাছি চলে আসলে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকারী চিকিৎসক দল সেখানে যায়।

উদ্ধার অভিযানের প্রথম পর্যায় সম্পন্ন হওয়ার পর জাহাজটি আগামী সপ্তাহে হোবার্ট শহরে ফিরে আসবে।

অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে দুর্গম অঞ্চলের অন্যতম। এরকম দুর্গম জায়গা থেকে কাউকে উদ্ধারের প্রচেষ্টা প্রায়ই বেশ জটিল, ব্যয়বহুল ও বিপদসঙ্কুল হয়। তাই এসব ক্ষেত্রে অনেকসময় আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হয়ে থাকে। তবে এ ক্ষেত্রে অস্ট্রেলিয়া অন্য কোনো দেশের সহায়তা ছাড়াই সফল হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি