এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম
ব্যালন ডি’অরের তালিকায় মেসি ও হলান্ড, বাদ পড়েছেন রোনালদো-নেইমার
এই বছরের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ড ও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। বুধবার রাতে প্রকাশিত ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনজনেই।
তবে গত ২০ বছরের মধ্যে এই প্রথম ৩০ জনের প্রাথমিক তালিকায় জায়গা পাননি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ ছাড়া ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের নামও নেই এই তালিকায়। গেলবারের শীর্ষ দুইয়ে থাকা সাদিও মানে এবার নেই প্রাথমিক তালিকায়। তিনজনেই এখন চলে গিয়েছেন সৌদি আরবের লিগে।
সবশেষ ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের প্রথম মৌসুমে এই তালিকায় জায়গা পাননি রোনালদো। ২০০৪ থেকে ব্যালন ডি’অরের সবশেষ সংস্করণ পর্যন্ত প্রতিবারই সংক্ষিপ্ত তালিকায় জায়গা আপান পাঁচবারের বর্ষসেরা এ ফুটবলার। তবে ইউরোপ ছেড়ে এখন সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনালদো এবার বাদই পড়লেন।
গত ফেব্রুয়ারিতে ফিফার বর্ষসেরা বেস্ট ট্রফিজয়ী মেসি কাতারের মরুর বুকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন। তবে গত মৌসুমে ক্লাব পর্যায়ে মিশ্র মৌসুম কেটেছে এই ফরোয়ার্ডের। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে ছিটকে পড়লেও লিগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি। সম্প্রতি ইন্টার মায়ামিতে চলে যাওয়া মেসি ৮ম বারের মতো এই পুরস্কার জেতার দৌড়ে আছেন।
তবে ম্যানচেস্টার সিটির নরওয়ের ফুটবলার হলান্ডই এই পুরস্কারের জন্য অনেকটা এগিয়ে থাকবেন। গত মৌসুমে রেকর্ড গড়ার সাথে সব মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেন এই ফরোয়ার্ড। ইংলিশ ক্লাবটির হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ। কদিন আগে উয়েফার বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি