এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম
পশ্চিমবঙ্গ বিধানসভায় ১লা বৈশাখকে ‘বাংলা দিবস’ পালনের প্রস্তাব পাস, তীব্র বিরোধিতা
ভারতের পশ্চিমবাংলায় বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের আনা প্রস্তাবের পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোরালো ভাবে সমর্থন জানান এবং একইসঙ্গে ‘বাংলার মাটি বাংলার জল’ রবীন্দ্র সঙ্গীতকে রাজ্য সঙ্গীত করার কথা বলেন। ওই ইস্যুতে আলোচনা শেষে ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে পড়ে ১৬৭টি ভোট। বিপক্ষে পড়ে ৬২টি ভোট।
ভোটাভুটির পরই বিধানসভার কক্ষত্যাগ করেন বিজেপি বিধায়কেরা। বিজেপির দাবি ছিল ২০ জুনকে ‘বাংলা দিবস’ করতে হবে। একইসঙ্গে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে প্রস্তাব পাস করানো হলেও তা রাজ্যপালের অনুমোদন পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা ও হিন্দুত্ববাদী বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বাবু আজ বলেন, ‘রাজ্যপাল মহোদয় এই প্রস্তাবে সই করবেন না। ডা. শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি, তার অবদান নষ্ট করতে চাচ্ছেন মমতা ব্যানার্জি। এর পরিণতি হবে ‘বঙ্গ’ নামের মতো বিধান পরিষদের মতো। মুখ্যমন্ত্রীকে আচার্য করার মতো। মুখ্যমন্ত্রীর কোনও ক্ষমতা নেই এটা কার্যকর করার।’ [৫] প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’। আদ্যাক্ষর ‘ডাব্লিউ’। এই ক্রম অনুযায়ী রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের জায়গা তালিকায় শেষের দিকে। ফলে জাতীয়স্তরে বিভিন্ন ক্ষেত্রে বাংলার প্রতিনিধিদের কথা বলার সুযোগ কমে যায়। এই যুক্তিতেই ২০১১ সালে ক্ষমতায় এসে রাজ্যের নাম বদলের উদ্যোগ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের ২ আগস্ট রাজ্য মন্ত্রিসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হয়। একই বছর ২৯ আগস্ট প্রস্তাব পাস হয় বিধানসভাতেও। তখন রাজ্যের জন্য তিনটি নামের প্রস্তাব দেওয়া হয়। বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’।
রাজ্য সরকার এই তিনটি নামের প্রস্তাব পাঠালেও কেন্দ্রীয় সরকার জানায়, এক রাজ্যের তিনটি নাম হতে পারে না। সেই প্রেক্ষাপটে ২০১৮ সালের ২৬ জুলাই বাংলা, হিন্দি, ইংরেজি, তিন ভাষাতেই রাজ্যের নাম ‘বাংলা’ রাখার জন্য বিধানসভায় প্রস্তাব পেশ করে সরকার। বামফ্রন্ট-কংগ্রেসের সমর্থনে তা পাসও হয়ে যায়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অবশ্য এতদিনেও তার অনুমোদন মেলেনি।
এবার অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, ‘কে সমর্থন করল না করল তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের নির্দেশ থাকবে আমরা ‘বাংলা দিবস’ পালন করব পয়লা বৈশাখ, শুভ নববর্ষের দিন। আর গান (বাংলার সংগীত) থাকবে (রবীন্দ্র সংগীত) ‘বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল’।
বিধানসভায় বাংলা দিবস সংক্রান্ত প্রস্তাব পাশের বিরোধিতা করে বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে রাজ্যপালকে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত পদযাত্রা করে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি