এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম
জি-২০ সম্মেলনে ভাষণও দেবেন না পুতিন
ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন না গেলেও ভিডিও ভাষণ দিয়েছিলেন। ভারতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে তাও দেবেন না পুতিন। এতে যোগ না দেওয়ার কথা আগেই জানানো হয়েছিল। এখন জানানো হলো, এই সম্মেলনে তার ভিডিও ভাষণ দেওয়ারও কোনো পরিকল্পনা নেই। বৃহস্পতিবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে তীব্র বিরোধপূর্ণ সম্পর্কের মধ্যে ৯ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বছর জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়ার বালিতে। বালি সম্মেলনেও যোগ দেননি পুতিন। বালি সম্মেলনে পুতিন যোগ না দিলেও দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি তৈরি হয়েছিল।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে পুতিন পৃথক ভিডিও ভাষণ দেবেন কি না। জবাবে দিমিত্রি পেসকভ বলেন, ‘না, কোনো পরিকল্পনা নেই।’
নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শীর্ষ সম্মেলনে যাবতীয় কাজ তার নেতৃত্বেই হবে বলে জানান ক্রেমলিনের মুখপাত্র।
গত মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলন হয়। এই সম্মেলনেও যোগ দেননি পুতিন। সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।
তবে ব্রিকস শীর্ষ সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে ভাষণ দিয়েছিলেন পুতিন। তিনি তার ভাষণে ইউক্রেন সংঘাতের জন্য পশ্চিমাদের দায়ী করেন।
নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংও অংশ নেবেন না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি