ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জি২০ সম্মেলন-পর্বে ১৫ রাষ্ট্রনেতার সঙ্গে পার্শ্ববৈঠক করবেন মোদী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

জি২০ সম্মেলন-পর্বে ১৫ রাষ্ট্রনেতার সঙ্গে পার্শ্ববৈঠক করবেন মোদী

জি২০ সম্মেলন-পর্বে ১৫ রাষ্ট্রনেতার সঙ্গে পার্শ্ববৈঠক করবেন মোদী

শুধু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলন-পর্বে মোট ১৫ জন রাষ্ট্রনেতার সঙ্গে পার্শ্ববৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার প্রধানমন্ত্রী সচিবালয় সূত্রে এ খবর জানানো হয়েছে। 

সরকারি সূত্রে বলা হয়েছে, শুক্রবার বাইডেন এবং হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বাইডেনের সঙ্গে মোদির বৈঠক হবে। তার আগে ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। 

শনিবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, জার্মানির চ্যান্সেলর ওলাফ শৎলজ এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। দুপুরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে হবে মধ্যাহ্নভোজ বৈঠক। জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এর্ডোগান, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গেও বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, নাইজিরিয়া, ব্রাজিলের রাষ্ট্রনেতাদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে তার।

প্রসঙ্গত, আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর (শনি ও রবিবার) জি২০ শীর্ষ সম্মেলনের আসর বসতে চলেছে নয়াদিল্লিতে। ওই সম্মেলনে এ বার সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী মোদি। জি২০-র সদস্য না হলেও দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসাবে বাংলাদেশ দু’দিনের এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি