এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম
মুম্বাইয়ে পুলিশি হেফাজতে আত্মহত্যা করলেন বিমানবালার হত্যাকারী
মুম্বাইয়ের আন্ধেরিতে পুলিশি হেফাজতে আত্মহত্যা করলেন বিমানবালাকে খুন করার দায়ে অভিযুক্ত এক ব্যক্তি। নিজের ট্রাউজার্স গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি। শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ পেয়েছে।
মুম্বাইয়ের মারোল এলাকায় ফ্ল্যাটের মধ্যে ২৩ বছরের বিমানবালাকে খুনের অভিযোগ উঠেছে। গলার নলি কেটে তাকে খুন করা হয় বলে অভিযোগ। নিহত বিমানবালার নাম রুপাল ওগরে। তিনি ছত্তীসগঢ়ের বাসিন্দা। এয়ার ইন্ডিয়ায় প্রশিক্ষণের জন্য গত এপ্রিল মাসে মুম্বাই আসেন তিনি। গত রোববার ফ্ল্যাট থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় ৪০ বছর বয়সি বিক্রম অথওয়ালকে। বিমানবালার আবাসনের সাফাই কর্মী বিক্রম। অভিযুক্ত আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। কিন্তু পুলিশি নিরাপত্তার মধ্যে কীভাবে অভিযুক্ত ব্যক্তি আত্মহত্যা করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ বলেছে, বোন এবং তার প্রেমিকের সঙ্গে থাকতেন বিমানবালা। আট দিন আগে নিজেদের বাড়ি গিয়েছিলেন বিমানবালার বোন এবং তার প্রেমিক। বিমানবালা ফোন না ধরায় সন্দেহ হয় তার পরিবারের সদস্যদের। তারা পুলিশের দ্বারস্থ হন। শেষে পুলিশ গিয়ে ফ্ল্যাট থেকে বিমানসেবিকার দেহ উদ্ধার করে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি