ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিশেষ পোশাক পরলেই জেল বা জরিমানা, নতুন আইন হচ্ছে চীনে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৯ পিএম

বিশেষ পোশাক পরলেই জেল বা জরিমানা, নতুন আইন হচ্ছে চীনে

বিশেষ পোশাক পরলেই জেল বা জরিমানা, নতুন আইন হচ্ছে চীনে

নতুন খসড়া আইনে বিতর্ক চীনে। কী রয়েছে সেই আইনে? প্রস্তাব দেওয়া হয়েছে, দেশের মানুষের ভাবাবেগে আঘাত করে এমন পোশাক আর পরা যাবে না। কোন পোশাকের কথা বলেছে সে দেশের সরকার?

এই খসড়া প্রস্তাব আইনে পরিণত হলে, কড়া শাস্তি। সে ক্ষেত্রে চিনাদের ভাবাবেগে আঘাত করলে জেল বা জরিমানা পর্যন্ত হতে পারে। তবে ঠিক কী পরলে বা করলে নতুন আইন ভাঙা হতে পারে, সে বিষয়ে স্পষ্ট করে খসড়ায় লেখা নেই।

এই খসড়ার বিষয়ে পরামর্শের জন্য আইনি বিশেষজ্ঞ এবং সমাজমাধ্যম ব্যবহারকারীদের সঙ্গেও কথা বলা হয়েছে। সম্প্রতি জনসুরক্ষা আইনেও রদবদলের প্রস্তাব এনেছে চীন সরকার। 

ঠিক কী লেখা রয়েছে খসড়ায়? তাতে বলা হয়েছে, ‘চীন রাষ্ট্রের ভাবাবেগকে আঘাত করতে পারে বা অবদমিত করতে পারে’ এমন পোশাক পা চিহ্ন পরা যাবে না। এই ধরনের পোশাক পরলে ওই নাগরিকের ১৫ দিন পর্যন্ত জেল বা ৫০০০ ইউয়ান পর্যন্ত জরিমানা হতে পারে। 

চীনের ভাবাবেগকে আঘাত করতে পারে, এমন কথা বললে বা প্রতিবেদন লিখলেও একই শাস্তি। সে কথাও লেখা রয়েছে প্রস্তাবে।

‘স্থানীয় হিরো বা শহিদদের নাম’ নিয়ে খারাপ কথা বললে, অবমাননা বা নিন্দা করলেও শাস্তির প্রস্তাব রয়েছে খসড়া আইনে। ওই ‘হিরো বা শহিদ’দের স্মারকমূর্তি ভাঙচুর করলেও চীনে কড়া শাস্তি পেতে হতে পারে। যদি প্রস্তাব আইনে পরিণত হয়।

চীনের জনপ্রিয় সমাজমাধ্যম ওয়েইবোতে এক ব্যবহারকারীর প্রশ্ন, ‘‘মার্ক্সবাদের জন্ম পশ্চিমের দেশে। তা হলে এ দেশে তার চর্চা বা অস্তিত্বও কি জাতীয় ভাবাবেগে আঘাত করবে?’’

চীনের আইনজীবীদের একাংশ মনে করছেন, এই প্রস্তাবে অনেক বিষয়ই স্পষ্ট নয়। এই প্রস্তাব আইনে পরিণত হলে নাগরিকদের মানবিক অধিকার লঙ্ঘিত হতে পারে। ইউনিভার্সিটি অফ পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ঝাও হং জানিয়েছেন, এই প্রস্তাব আইনে পরিণত হলে বহু মানুষ নিত্য দিন গ্রেফতার হতে পারেন। কোনও পুলিশ কর্মী শত্রুতা চরিতার্থ করতেও এই আইনের ব্যবহার করতে পারেন।

২০১২ সালে চীনে ক্ষমতায় এসেছেন শি জিনপিং। তার পর থেকেই নাগরিকদের আদর্শ আচরণবিধি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশিকা দিয়েছেন।

 চিনের নাগরিকদের কী রকম আচরণ করা উচিত, তা নিয়ে ২০১৯ সালে জিনপিং সরকার একটি নির্দেশিকা জারি করে। তাতে বলা হয়, নাগরিকদের নম্র আচরণ করতে হবে। জিনপিং এবং তাঁর দলের উপর ‘আস্থা’ রাখতে হবে। পায়ে ধুলো লাগিয়ে ঘুরে বেড়ানো চলবে না।

এ বার নাগরিকদের পোশাক নিয়েও নতুন আইন আনার পথে হাঁটছে জিনপিং সরকার। প্রস্তাব আইনে পরিণত হলে ঠিক কী কী বিধিনিষেধ চাপবে, তা নিয়ে রয়েছে বহু প্রশ্ন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি