এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম
নিউজিল্যান্ড সিরিজের আগেই মাঠে নামছেন তামিম ও মাহমুদুল্লাহ
আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার কথা রয়েছে জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। পিঠের ইনজুরি কাটিয়ে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিটা তার শুরু হবে এই সিরিজের মধ্য দিয়েই।
তবে লম্বা সময় পর মাঠে নামার আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে বাঁ-হাতি এই ওপেনারের জন্য। চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান কাপের স্কোয়াডের মধ্যকার বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই প্রস্তুতি ম্যাচে খেলার কথা রয়েছে তামিম ইকবালের।
তবে খেলার বিষয়টি নির্ভর করছে তার ফিটনেসের ওপর। তামিম ছাড়াও সেই প্রস্তুতি ম্যাচে খেলার কথা রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। মঙ্গলবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
তিনি বলেন, মাহমুদউল্লাহ এক বা দুইটা ম্যাচ খেলতে পারে। তামিমের খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। এশিয়ান গেমসের স্কোয়াড ও বাংলাদেশ টাইগার্সের মধ্যে চার-পাঁচটা ম্যাচ হবে।
এদিকে এশিয়া কাপের মিশন শেষ করে ১৬ সেপ্টেম্বর দেশে আসার কথা রয়েছে বাংলাদেশের। পরদিন নিউজিল্যান্ড আসবে ঢাকায়। সেই সিরিজ শেষ করতে না করতেই বিশ্বকাপের জন্য উড়াল দিতে হবে টাইগারদের। ব্যস্ত সূচির কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকে বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে।
বিশ্বকাপের ভাবনায় থাকা ব্যাকআপ ক্রিকেটারদের সুযোগ মিলছে নিউজিল্যান্ড সিরিজে খেলার। সম্পূর্ণরূপে ফিট থাকলে বিশ্বকাপে খেলাটা সুনিশ্চিত তামিম ইকবালের। যদিও নিউজিল্যান্ড সিরিজে জায়গা হলেও বিশ্বকাপে এখনও অনিশ্চিত মাহমুদউল্লাহ রিয়াদ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি