ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শি জিনপিংকে ‘একনায়ক’ বলায় চীনের তীব্র প্রতিক্রিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৯ পিএম

শি জিনপিংকে ‘একনায়ক’ বলায় চীনের তীব্র প্রতিক্রিয়া

শি জিনপিংকে ‘একনায়ক’ বলায় চীনের তীব্র প্রতিক্রিয়া

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘ডিক্টেটর’ বা একনায়ক হিসেবে বর্ণনা করায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের মন্তব্যের তীব্র নিন্দা করেছে চীন। একইসঙ্গে বেইজিংয়ে জার্মান রাষ্ট্রদূতকে তলব করে ক্ষোভও জানানো হয়েছে। 

শি জিনপিংয়ের নেতৃত্বে চীনের অনেক আচরণ পশ্চিমা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে আসছে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পারস্পরিক নির্ভরতায় এখনও বড় কোনও পরিবর্তন না ঘটলেও দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট শীতল। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার হামলার পর চীন যেভাবে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতা আরও পাকাপোক্ত করেছে, তা বড় ক্ষোভের কারণ হয়ে উঠেছে।

ফলে কূটনৈতিক শিষ্টাচার ভুলে পশ্চিমা বিশ্বের অনেক নেতা প্রকাশ্যে শি জিনপিংয়ের কড়া সমালোচনা করছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক সম্প্রতি শি জিনপিংকে ‘ডিক্টেটর’ বা একনায়ক হিসেবে বর্ণনা করেছেন।

সর্বোচ্চ নেতা সম্পর্কে এমন মন্তব্য চীনের পছন্দ নয়। জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জেরে এশিয়ার এই দেশটি বেইজিংয়ে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পাট্রিসিয়া ফ্লোরকে তলব করে কড়া নিন্দা জানিয়েছে। সোমবার রাতে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় সেই খবর জানিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এদিন বলেন, বেয়ারবকের মন্তব্য অত্যন্ত অযৌক্তিক এবং চীনের রাজনৈতিক মর্যাদা গুরুতরভাবে লঙ্ঘন করেছে। এমন ‘খোলামেলা রাজনৈতিক প্ররোচনা’-রও নিন্দা করেন তিনি। মাও আরও বলেন, বেয়ারবকের মন্তব্যের বিরোধিতা করে চীন কূটনৈতিক পথে জার্মানির সঙ্গে যোগাযোগ করেছে।

গত ১৪ সেপ্টেম্বর জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক যুক্তরাষ্ট্র সফরের সময়ে টেক্সাস অঙ্গরাজ্যে ফক্স নিউজ নেটওয়ার্ককে এক সাক্ষাৎকার দিয়েছিলেন। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, এই যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জয় হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মতো বিশ্বের বাকি ‘ডিক্টেটর’-দের জন্য সেটা কোন বার্তা বয়ে আনবে? সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি