এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৯ পিএম
কানাডায় আরেক খালিস্তানপন্থী নিহত, ভিসা প্রদান স্থগিত করল ভারত
খালিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনায় সৃষ্ট উত্তপ্ত কূটনৈতিক পরিস্থিতির মধ্যে বুধবার রাতে কানাডায় আশ্রয় নেয়া আরেকজন খালিস্তানপন্থী সুখদুল সিংহ ওরফে সুখা ডুনেকা নিহত হয়েছে। আলজাজিরা জানিয়েছে, দেশটির উইনিপেগ শহরে দুই গ্রুপের লড়াইয়ে সুখদুল সিংহ নিহত হয়েছে। সুখদুল সিংহ খালিস্তানি নেতা আর্শদীপ সিংহ ওরফে আর্শ ডালার ঘনিষ্ঠ বলে পরিচিত।
কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখা হবে। সূত্র: ভারতের আনন্দবাজার।
আনন্দবাজার জানিয়েছে, পাঞ্জাবের বাসিন্দা সুখদুল ২০১৭ সালে ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্ট তৈরি করে ভারত থেকে পালিয়ে কানাডায় যান । তখনই তাঁর বিরুদ্ধে সাতটি অপরাধের মামলা নথিবদ্ধ হয়েছিল। সুখদুলকে পালাতে সাহায্য করার অভিযোগে পাঞ্জাবের মোগা অঞ্চলের দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। সূত্র: ভারতের আনন্দবাজার।
ইতোমধ্যেই সুখদুল-হত্যার দায় স্বীকার করেছে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। বিষ্ণো গ্রুপের পক্ষে প্রকাশিত একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘পাপের শাস্তি’ পেয়েছেন সুখদুল।
কানাডার মাটিতে সে দেশের খালিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর ‘ভূমিকা’ রয়েছে বলে সোমবার অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডোর ওই বিবৃতির পরেই কানাডার এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করা হয়। ওই পদক্ষেপের প্রতিক্রিয়ায় মঙ্গলবার মোদি সরকার কানাডার এক শীর্ষ কূটনীতিককে পাঁচ দিনের মধ্যে দিল্লি ছাড়ার নির্দেশ দেয়। দ্বিপাক্ষিক কূটনৈতিক এই টানাপড়েনের মধ্যেই বুধবার কানাডার উপর চাপ বৃদ্ধি করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
এনআইএ-র পক্ষে বুধবার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) নয়াদিল্লির ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা লরেন্স বিষ্ণোই, জসদীপ সিংহ, কালা জাথেরি ওরফে সন্দীপ, বীরেন্দ্র প্রতাপ ওরফে কালা রানা এবং জোগিন্দর সিংহের ছবি প্রকাশ করে জানানো হয়েছে, ওই পলাতকদের মধ্যে অনেকেরই ঠিকানা এখন কানাডা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি