এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম
ব্রিটেনের বিখ্যাত স্টোক পার্ক কিনলেন মুকেশ আম্বানি
ভারতের ধনকুবের মুকেশ আম্বানি বিশ্বের সেরা ধনীদেরও অন্যতম। ব্রিটেনের এই প্রাসাদটি তিনি ৬০০ কোটি রুপিতে কিনে নিয়েছেন। এই প্রাসাদে জেমস বন্ডের ‘গোল্ডফিঙ্গার’ এবং ‘টুমরো নেভার ডাই’ ছবির শ্যুটিং হয়েছে।
বাকিংহ্যামশায়ারের স্টোক পার্কের ইতিহাস প্রায় ৯০০ বছরের পুরনো। লন্ডন শহরের প্রাণকেন্দ্র থেকে ৩০ কিলোমিটার দূরের ৯০০ বছরের প্রাচীন এই প্রাসাদ আগে বসবাসের জন্য ব্যবহৃত হলেও ১৯০৮ সাল থেকে কান্ট্রি ক্লাব হিসেবে ব্যবহৃত হত। প্রায় ৩০০ একরের ওই এলাকা এক সম্ভ্রান্ত ব্রিটিশ পরিবারের সম্পত্তি ছিল। ১৫৮১ সালে তা কিনে নেয় ব্রিটিশ রাজপরিবার।
স্টোক পার্কের সুবিশাল প্রাসাদ, সাজানো বাগান, গল্ফ ক্লাব, টেনিস কোর্ট ইত্যাদি রাজা তৃতীয় জর্জের আমলে তৈরি হয়। তার সময়েই বিখ্যাত স্থাপত্যবিদ জেমস ওয়াট ওই প্রাসাদের নকশা তৈরি করেন। তবে বর্তমানে এটি বিলাসবহুল হোটেল, আন্তর্জাতিক মানের গল্ফ কোর্স হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া এখানকার প্রায় ১৪ একর জুড়ে সাজানো বাগানও পর্যটকদের বিশেষ আকর্ষণের জায়গা।
বর্তমানে স্টোক পার্ক বিশ্বের ধনী ব্যক্তিদের ছুটি কাটানোর জায়গা হয়ে উঠেছে। আম্বানি পরিবারও বহুবার ছুটি কাটাতে স্টোক পার্কে গিয়েছিলেন। তারপর গোটা প্রাসাদটাই কিনে ফেলার সিদ্ধান্ত নেন মুকেশ।
এই প্রাসাদের অন্দরমহল না দেখলে বিশ্বাসই করা যাবে না। এর স্থাপত্য চোখ ধাঁধিয়ে দেবে। শোওয়ার ঘরই রয়েছে ৪৯ খানা। এ ছাড়াও রয়েছে ছোটখাট একটা হাসপাতাল যার দায়িত্বে রয়েছেন এক ব্রিটিশ চিকিৎসক। একটি পাঁচতারা মানের হোটেল এবং তিনটি রেস্তোরাঁ রয়েছে বাড়ির চৌহদ্দিতে। সেই সঙ্গে মুম্বাইয়ের বাড়ি অ্যান্টিলিয়ার আদলে একটি মন্দিরও তৈরি করা হয়েছে। ওই প্রাসাদ চত্বরে রয়েছে ১৩টি টেনিস কোর্ট এবং ২৭ হোলের গল্ফ কোর্স।
ব্রিটেনে ইতোমধ্যেই ব্যবসা ছড়িয়েছে রিল্যায়ান্স। ব্রিটিশ খেলনা খুচরো বিক্রেতা সংস্থা হ্যামলেজ ৬২০ কোটি টাকায় কিনেছে আম্বানিরা। মার্কস অ্যান্ড স্পেনসার এবং বিপি-র মতো ব্রিটিশ সংস্থার সঙ্গে রিল্যায়ান্সের যৌথ উদ্যোগ রয়েছে। আর এবার তো ব্রিটেনের অভিজাত ও প্রাচীন স্টোক পার্কের সঙ্গেই জুড়ে গেল ভারতীয় ধনকুবেরের নাম।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি