ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আইএইএ-তে সংঘাতপূর্ণ পদক্ষেপ নিলে ইরানের সহযোগিতা বাধাগ্রস্ত হবে: চীন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ জুন, ২০২২, ০৩:০৬ পিএম

আইএইএ-তে সংঘাতপূর্ণ পদক্ষেপ নিলে ইরানের সহযোগিতা বাধাগ্রস্ত হবে: চীন

আইএইএ-তে সংঘাতপূর্ণ পদক্ষেপ নিলে ইরানের সহযোগিতা বাধাগ্রস্ত হবে: চীন

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে সংঘাতপূর্ণ পদক্ষেপের কারণে এ সংস্থার সাথে ইরানের বিদ্যমান সহযোগিতা ক্ষতিগ্রস্ত হবে।

আগামী ৬ জুনের বৈঠকে ইরানবিরোধী একটি খসড়া প্রস্তাব তোলার জন্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি প্রস্তুতি নিয়েছে বলে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন ঝাও লিজিয়ান। আইএইএ'র বোর্ড অব গভর্নর্সের বৈঠকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য যে চার দেশ এই পদক্ষেপ নিয়েছে তার বিরোধিতা করে চীন। 

চীনা মুখপাত্র পরিষ্কার করে বলেন, ইরানবিরোধী চাপ সৃষ্টি কোনভাবেই সমস্যার সমাধান করবে না বরং উত্তেজনা বাড়াবে এবং পরিস্থিতি জটিল আকার ধারণ করবে।

ঝাও লিজিয়ান আরো বলেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের জন্য যে সংলাপ চলে আসছে তা এই মুহূর্তে এক জটিল অবস্থানে এসে পৌঁছেছে। ফলে আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠকে সংঘাতপূর্ণ পদক্ষেপ ইরান এবং এই সংস্থার মধ্যকার সংলাপ প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।

ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে যখন পরমাণু সমঝোতা পুনর্বহালের সংলাপ তিন মাস ধরে বন্ধ রয়েছে তখন বোর্ড অফ গভর্নর্সের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে ইরানের বিরুদ্ধে অহেতুক চাপ সৃষ্টির ষড়যন্ত্র করছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি । খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে