ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতের কেরালায় খ্রিষ্টানদের জমায়েতে বোমা বিস্ফোরণ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৩, ০৪:১০ পিএম

ভারতের কেরালায় খ্রিষ্টানদের জমায়েতে বোমা বিস্ফোরণ

 ভারতের কেরালায় খ্রিষ্টানদের জমায়েতে বোমা বিস্ফোরণ

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোচিতে খ্রিস্টান সম্প্রদায়ের একটি কনভেনশন সেন্টারে রোববার বোমা বিস্ফোরণের ঘটনায় কম করে একজন নিহত ও জনা চল্লিশেক ব্যক্তি আহত হয়েছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য পেতে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন।

সংবাদ সংস্থা পিটিআই একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, "কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে বিস্ফোরণের পর উদ্ভূত পরিস্থিতিতে আরও জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন।" স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবিলম্বে কেরালায় সন্ত্রাসবিরোধী বাহিনী এনএসজি এবং তদন্তকারী সংস্থা এনআইএ-র দল পাঠানোরও নির্দেশ দিয়েছেন।

 সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কালামাসেরি এলাকায় দুটি বিস্ফোরণে এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এএনআইও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিস্ফোরণে ৩৬ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিস্ফোরণে শোক প্রকাশ করেছেন এবং এটিকে 'দুর্ভাগ্যজনক' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

কেরালা পুলিশের মহানির্দেশক (ডিজিপি) শেখ দারভেশ জানিয়েছেন, সকাল ৯টা ৪০ মিনিটে জামরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে খ্রিষ্টানদের একটি সম্মেলন চলাকালীন বিস্ফোরণ ঘটে। রোববারই ছিল তাদের ওই কর্মসূচির শেষ দিন। ডিজিপি আরও বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে বিস্ফোরণটি একটি আইইডি ডিভাইসের দ্বারা ঘটানো হয়েছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি