এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম
বাবরের ব্যক্তিগত মেসেজ ফাঁস করলেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ
নিজেকে ‘ধোঁয়া তুলশি পাতা’ প্রমাণের চেষ্টা করে উটকো ঝামেলা ডেকে এনেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ। নিজেকে নির্দোষ প্রমাণ করতে বাবর আজমের হোয়াটসঅ্যাপ মেসেজ তথা ব্যক্তিগত আলাপ সংবাদ মাধ্যমকে দেখিয়েছেন তিনি।
ঘটনা বুঝতে, একটু পেছনে যেতে হবে। আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের হারের পর তিন-চার দিক থেকে বাবর আজমদের দিকে সমালোচনার তীর ছুটে আসতে শুরু করে। বোর্ডের সঙ্গে বাবরদের দূরত্ব তৈরি হয়েছে এমন কথাও শোনা যায়।
এর মধ্যে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার রশিদ লতিফ সংবাদ মাধ্যমকে বলেন যে, বাবরদের ঠিক মতো বেতন দিচ্ছে না বোর্ড। এমনকি বাবর আজমের সঙ্গে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের কথা-বার্তা পর্যন্ত হচ্ছে না।
রশিদ লতিফ দাবি করেন, পিসিবি চেয়ারম্যানকে ফোন করেছিলেন বাবর। হোয়াটসঅ্যাপে মেসেজও দিয়েছিলেন। ওই ফোন ধরেননি জাকা আশরাফ। মেসেজের কোন উত্তর দেনি। বিষয়টি নিয়ে জাকা আশরাফ বলেন যে, বাবর তাকে কোন ফোন কল করেনি।
সেটা প্রমাণ দেওয়ার জন্য পিসিবির ক্রিকেট অপারেশন্সের প্রধান সালাম সালমানকে পাঠানো বাবরের হোয়াটসঅ্যাপ মেসেজ সাক্ষাৎকার দেওয়া সাংবাদিককে দেখান জাকা আশরাফ। যেটা অন্যায়। বাবরের অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়ে ওই অন্যায় করেছেন পিসিবি বস।
হোয়াটসঅ্যাপে ওই আলাপে সালাম মেসেজ দিয়ে বাবরকে বলেন যে, বাবর নিউজ ছড়াচ্ছে তুমি পিসিবি চেয়ারম্যানকে ফোন করেছিলে, কিন্তু তিনি ধরেননি?’ জবাবে বাবর বলেন. সালাম ভাই আমি তো জাকা স্যারকে কোন কলই করিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি