এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম
সাকিবকে কখনো এতোটা স্ট্রাগল করতে দেখিনি: ইমরুল কায়েস
বাজে পারফরম্যান্সের কারণে চলমান ওয়ানডে বিশ্বকাপ থেকে সবার আগে ছিটকে পড়েছে বাংলাদেশ দল। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। তিনিও পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যর্থ। সবশেষ মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই অলরাউন্ডার।
সাকিবের এমন পারফরম্যান্সে দেখে হতাশ তার একসময়কার জাতীয় দলের সতীর্থ ইমরুল কায়েস। বাংলাদেশ দলের এই ওপেনারের দাবি, রান করার জন্য সাকিবকে এমন স্ট্রাগল করতে তিনি খুব কমই দেখেছেন।
সাকিব ও ইমরুল ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১৫-১৬ বছর ধরে এক সঙ্গে খেলছেন। এর মধ্যে জাতীয় দলে লম্বা একটি সময় ধরে ভিন্ন ভিন্ন সংস্করণের ম্যাচ খেলেন এই দুজন। ঘরোয়াতেও বেশ কয়েকটি মৌসুম একসঙ্গে খেলেন তারা।
তাই সাকিবের ব্যাটিং সম্পর্কে বেশ ভালোই ধারণা রয়েছে ইমরুল। সাকিবের রান খরা নিয়ে চিন্তিত ইমরুল। পাকিস্তানের বিপক্ষে ৬৪ বলে ৪৩ রান করেন বাংলাদেশের অধিনায়ক। লম্বা সময় ধরে উইকেটে থাকলেও পাকিস্তানি বোলারদের খেলতে বেশ কষ্টই করছিলেন সাকিব।
তিনি বলেন, সাকিব আজকে যে অবস্থায় মাঠে নেমেছিল, সাকিবের আসলে তার মতো করে খেলা কঠিন ছিল। সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় ৯০ প্লাস বা ১০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে আপনি দেখেন। সাকিব সবসময় রানিংয়ে থাকে, স্ট্রাইক রোটেড করতে চায়, সেটা আজকের পরিস্থিতির দাবি ছিল না। সে ওভাবেই সময় নিয়েছে। কারণ সে চাচ্ছিলো একটু থিতু হতে। আমি ওর সাথে যতদিন ক্রিকেট খেলেছি, আমি সাকিবকে এতোটা স্ট্রাগল করতে কমই দেখেছি।
তিনি আরো বলেন, ও আজকে চাচ্ছিল রান করার এবং দলটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার। সেজন্য সেভাবেই সে সময় নিয়েছে। যে কাজটা রিয়াদ ভাই সবসময় করে ওটাই কিন্তু আজকে সাকিব ভাই করার চেষ্টা করছিল। সাকিব যখন থিতু হয়ে যায় তখন আমি ভেবেছিলাম সে আজকে বড় একটা রান করবে। কিন্তু আবারও, ওটা ঠিকমতো এক্সিকিউট করতে পারেনি ব্যাটে বলে। এজন্য সফল হয়নি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি