ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজার মাগাজি শরণার্থী শিবিরে আবারও ইসরায়েলি হামলা, নিহত ৫১


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম

গাজার মাগাজি শরণার্থী শিবিরে আবারও ইসরায়েলি হামলা, নিহত ৫১

গাজার মাগাজি শরণার্থী শিবিরে আবারও ইসরায়েলি হামলা, নিহত ৫১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের মাগাজি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে।

গত কয়েকদিন ধরে গাজার শরণার্থী শিবিরগুলোতে ইসরায়েল দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ শনিবার (৪ নভেম্বর) রাতে মাগাজি শরণার্থ শিবিরে এই হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, শনিবার রাতের ওই হামলায় দুটি আবাসিক ভবনও ধ্বংস হয়েছে। 

ওয়াফা আরও বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমান আল-মাগাজি ক্যাম্পের সাম'আন পরিবারের বাড়ি লক্ষ্য করে হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া হামলায় আরও বহু মানুষ আহতও হয়েছেন। আনাদোলু জানিয়েছে, ইসরায়েলি বোমা হামলায় ওই বাড়ি দু’টি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং পার্শ্ববর্তী বাড়ি ও অবকাঠামোরও মারাত্মক ক্ষতি হয়েছে।

 এর আগে গত বৃহস্পতিবার গাজা ভূখণ্ডের বুরেজ শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ১৫ জন নিহত হন। গাজা সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র সেসময় বলেন, বৃহস্পতিবার মধ্য গাজার এই শিবিরে আবাসিক ভবনে হামলায় বহু লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

এছাড়া বুরেজে বোমা হামলার পাশাপাশি গত বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো জাবালিয়া ক্যাম্পেও হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, জাবালিয়ায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৯৫ জন নিহত এবং ১২০ জন নিখোঁজ রয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে গাজার অসামরিক লোকজনের ওপর নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। বিমান হামলার সঙ্গে শুরু করেছে ট্যাংক ও সাজোঁয়াযান নিয়ে স্থল হামলাও । ইসরায়েলি হামলায় গাজায় এপর্যন্ত অন্তত ৯ হাজার ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে ৬ হাজার ৪০০ জনই শিশু ও নারী।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অবশ্য আগেই বলেছেন, এ ধরনের ‘নির্বিচার হামলা’ যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি