এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৩, ০৩:১১ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ রেখে কাল শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ
চলমান ভারত বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠার আশা আগেই শেষ হয়ে গেছে সাকিব আল হাসানদের। তবে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের টিকিট লাভের লক্ষ্য এখন বাংলাদেশের। আর সেটা নির্ধারণ হবে এবারের বিশ্বকাপেই। তাই সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অন্যরকম লড়াই সোমবার (৬ নভেম্বর)। সে লড়াইয়ে জয়ই একমাত্র লক্ষ্য তাদের। অবশ্য একই লক্ষ্য লঙ্কানদের। দিল্লির অরুন জেইটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি মাঠে গড়াবে।
‘লড়াইয়ের মধ্যে লড়াই, সে লড়াইয়ে জিততে হবে’- এমন প্রতিজ্ঞাই এখন দরকার বাংলাদেশ দলের। শ্রীলঙ্কা ম্যাচের পর আগামী ১১ নভেম্বর বাংলাদেশ খেলবে বিশ্বকাপে সবচেয়ে সফল ও শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শেষ এই দুই ম্যাচে সাকিবদের লক্ষ্য জয়।
শেষ দুই ম্যাচ জিতলে বাংলাদেশের এবারের বিশ্বকাপে সেরাআটের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তাতে আগামী ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ আসতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন নিয়ম অনুযায়ী স্বাগতিক হিসেবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে সরাসরি। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ৭টি দল চূড়ান্ত হবে চলতি বিশ্বকাপ থেকেই। পাকিস্তান বাদে বাকি ৯টি দলের মধ্যে সেরা হওয়া প্রথম ৭টি দল ওই ট্রফির জন্য চূড়ান্ত হবে। তাতে করে যেই দলগুলো বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে না, তাদের সকলের লক্ষ্যই থাকবে পঞ্চ, ষষ্ঠ ও সপ্তম স্থানের মধ্যে থাকা।
বাংলাদেশ বিশ্বকাপে ৩১ অক্টোবর পর্যন্ত ৭টি ম্যাচ খেলে মাত্র ১টিতে জয়ী হয়েছে, বাকি ৬টি ম্যাচেই পরাজিত হয়েছে। নয় নম্বর স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট মাত্র দুই এবং নেটরানরেট -১.৪৪৬, আর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডেরও পয়েন্ট দুই এবং নেটরানরেট -১.৫০৪ হওয়ায় তারা রয়েছে দশ বা শেষ স্থানে। মূলত ৭টি করে ম্যাচ খেলা শ্রীলঙ্কা (৪ পয়েন্ট, নেটরানরেট -১.১৬২), নেদারল্যান্ডস (৪ পয়েন্ট, নেটরানরেট -১.৩৯৮) এবং বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে যে কোনো দুটি দল চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পাবে না। তবে এ ক্ষেত্রে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে ইংল্যান্ড ও বাংলাদেশ।
তবে শুধু শেষ দুই ম্যাচ জিতলেই চলবে না, অন্য দলগুলোর ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। কোনো কোনো ক্ষেত্রে একাধিক দলের পয়েন্ট সমান হলে তালিকার শেষের স্থানগুলো নির্ধারণ হবে নেট রানেরেটের ভিত্তিতে। তাই বাংলাদেশকে নেট রানেরেটের দিকেও লক্ষ্য রেখে ভালো স্কোর এবং প্রতিপক্ষ দুই দলের সঙ্গেই বড় ব্যবধানে জয়লাভের চেষ্টা করতে হবে। বাংলাদেশ মোট পাঁচবার খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরমধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো করেছে শেষ আসরে। ২০১৭ সালে ওই আসরে চতুর্থ স্থান লাভ করে তৎকালীন ওয়ানডেতে দারুণ ফর্মে থাকা বাংলাদেশ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি