ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আফগানিস্তানে আফিম উৎপাদন ৯৫ শতাংশ কমেছে: জাতিসংঘ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৩, ০৬:১১ পিএম

আফগানিস্তানে আফিম উৎপাদন ৯৫ শতাংশ কমেছে: জাতিসংঘ

 আফগানিস্তানে আফিম উৎপাদন ৯৫ শতাংশ কমেছে: জাতিসংঘ

বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষ অবস্থানে স্থান ছিলো আফগানিস্তান। দেশটির বর্তমান সরকার নিষেধাজ্ঞার পর আফিমের ফলন প্রায় ৯৫ শতাংশ কমে গেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দপ্তর (ইউএনওডিসি) এক প্রতিবেদনে বলেছে, আফগানিস্তানে আফিম চাষ ২ লাখ ৩৩ হাজার হেক্টর থেকে কমে এ বছর ১০ হাজার ৮০০ হেক্টরে নেমে এসেছে। ৬ হাজার দুইশ টন থেকে আফিমের উৎপাদন কমে ৩৩৩ টনে দাঁড়িয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে আরো বলা হয়, এটি যুদ্ধবিধ্বস্ত দেশের কৃষকদের উপর চাপ সৃষ্টি করছে, যেখানে বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং পপি (আফিম/পোস্ত) রপ্তানির মূল্য কখনও কখনও সমস্ত আনুষ্ঠানিক রপ্তানি পণ্যের মূল্যকে ছাড়িয়ে গেছে।

তালেবানের নীতিগত পরিবর্তনের সুদূরপ্রসারী প্রভাব পড়বে দেশটির অর্থনীতিতে। দেশটির বর্তমান জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশর ইতিমধ্যেই মানবিক সহায়তার প্রয়োজন।

ইউএনওডিসির নির্বাহী পরিচালক ঘাডা ওয়ালি একটি বিবৃতিতে বলেছেন, সামনের মাসগুলোতে আফগানিস্তানে আফগান কৃষকদের আফিম থেকে দূরে থাকার সুযোগ করে দেওয়ার জন্য ও টেকসই জীবিকার জন্য বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন।

তালেবানের সর্বোচ্চ নেতা ২০২২ সালের এপ্রিলে মাদকের চাষ নিষিদ্ধ করেছিলেন। আফিম চাষকে ‘অনৈসলামিক’ আখ্যা দেয়া হয়। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন আন্তর্জাতিক স্বীকৃতি ও তহবিল পাওয়ার কৌশল হিসেবে এ উদ্যোগ নিয়েছে তারা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি