এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম
ম্যাথিউসের ‘টাইমড আউট’ নিয়ে সরব ক্রিকেট বিশ্ব
এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ‘টাইমড আউট’ হলো এক ক্রিকেটার। ভারতে চলমান বিশ্বকাপে সোমবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে টাইমড আউটের শিকার হলে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলা ম্যাথিউস। এ ধরনের আউট করে ইতিহাসের অংশ হলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এ নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে ভিন্ন ধরনের মতামত ছুঁড়ে দেয়ার হিড়িক। কেউ টানছেন স্পিরিট অফ ক্রিকেটের উদাহরণ, কেউবা ফিল্ডিং দলের ওভার রেটের প্রসঙ্গ।
ধারাভাষ্যকক্ষে থাকা পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস এই আউটকে ক্রিকেটের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন। ওয়াকার বলেছেন, এটা ক্রিকেটের জন্য ভালো কিছু নয়। এটা ক্রিকেটের চেতনার পরিপন্থী।
আরেক পাকিস্তানি ধারাভাষ্যকার ও সাবেক অধিনায়ক রমিজ রাজা বলেছেন, এ ঘটনার পর শ্রীলঙ্কা নিশ্চয়ই আরও একটু বেশি আবেগ ও রাগ নিয়ে খেলবে। গৌতম গম্ভীর বলেছেন, দিল্লিতে যা হলো তা খুবই হতাশাজনক। উসমান খাজাও বিষোদাগার করেছেন এমন আউটের।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) নিজের অবস্থান জানিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন, এটা ভালো কিছু হলো না।
অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহ সামজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’এ লিখেছেন, ক্রিকেটের আইন ও চেতনা ভুলে যান। একজন সৎ মনের ক্রিকেটার কীভাবে এই আউটের জন্য আপিল করার কথা ভাবতে পারেন, আউটটি তো পরের ব্যাপার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি