ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আলোচিত আরও তিন ঘটনা বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ নভেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম

আলোচিত আরও তিন ঘটনা বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে

 আলোচিত আরও তিন ঘটনা বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে

 শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির আগে থেকে ‘নাগিন ড্যান্স’ শুরু। তার পর কলম্বোর প্রেমাদাসায় আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে সাকিবের ডাগআউট থেকে বেরিয়ে আসা। টক-ঝাল সম্পর্কে সর্বশেষ সংযোজন ‘টাইমড আউট’। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে গত সোমবার ‘টাইমড আউট’ হয়েছেন অ্যাঞ্জেল ম্যাথুস।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোন ব্যাটার আউট হওয়ার পর বা স্বেচ্ছা অবসরে যাওয়ার পরে নতুন ব্যাটার ক্রিজে এসে বল খেলার জন্য দুই মিনিটের মধ্যে প্রস্তুত না হলে প্রতিপক্ষের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দিতে পারবেন আম্পায়ার। শুধু টাইমড আউট নয়, সোমবার বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ছিল আরও তিন আলোচিত ঘটনা। সমকাল

 ঘটনা ১: শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস টাইমড আউট হওয়ার পর থেকেই শ্রীলঙ্কার ক্রিকেটাররা ক্ষিপ্ত ছিলেন। সেই ছাপ পড়লো বাংলাদেশ ব্যাট করতে নামার পর। ম্যাচের তৃতীয় ওভারে পুল শট মারতে গিয়ে পেশিতে টান লাগে লিটনের। মাটিতে বসে পড়েন তিনি। মাঠে আসেন ফিজিও। সুস্থ হয়ে উঠে আবার ব্যাট শুরুর কয়েক ওভার পর আবার একই ঘটনা। আবার মাঠে আসেন বাংলাদেশ দলের ফিজিও। এমন সময় বিরক্ত হন শ্রীলঙ্কার ক্রিকেটারেরা। ম্যাথুসের নেতৃত্বে শ্রীলঙ্কার বাকি ক্রিকেটাররা বারবার কথা বলেন আম্পায়ার মারিয়াস ইরাসমাসের সঙ্গে। তাকে সময়ের কথা মনে করিয়ে দেন লঙ্কান ক্রিকেটাররা।

ঘটনা ২: টাইমড আউটের ঘটনাটি তাঁতিয়ে দিয়েছিল লঙ্কান ক্রিকেটারদের। বাংলাদেশ ব্যাটিংয়ের সময় বেশ কয়েকবার স্লেজিং করতে দেখা গেছে তাদের। বেশ কয়েক বার নাজমুল হোসেন শান্ত এবং শ্রীলঙ্কার সাদিরা সামারবিক্রমকে মাঠের মধ্যে তর্কাতর্কি করতে দেখা যায়। সাকিব ব্যাট করতে আসতেই বল হাতে নেন ম্যাথুস।  শ্রীলঙ্কার অলরাউন্ডারকে দেখা যায় সাকিবকে কিছু বলতে। বাংলাদেশ অধিনায়ক যদিও কিছু বলেননি। তবে শুরুর দিকেই ম্যাথুসের সুযোগ ছিল সাকিবের উইকেট তুলে নেওয়ার। কিন্তু ক্যাচ ফেলে দেন আসালঙ্কা। যদিও শেষ পর্যন্ত সাকিবের উইকেটটি নেন ম্যাথুস। তাকে আউট করে ঘড়ি দেখান শ্রীলঙ্কার অলরাউন্ডার।

ঘটনা ৩: ম্যাচ শেষেও বিতর্কের রেশ থেকে যায়। ম্যাচ শেষে লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে গিয়েছিলেন তাওহিদ হৃদয়রা। কিন্তু মুখ ফিরিয়ে ড্রেসিংরুমে ফিরে যান তারা। সাধারণত ম্যাচ শেষে আম্পায়ার এবং দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাত মেলান। সেটাই রীতি। কিন্তু সোমবার আম্পায়ারদের সঙ্গে খেলোয়াড়রা হাত মেলালেও  শ্রীলঙ্কার ক্রিকেটাররা অপরপক্ষের সঙ্গে হাত মেলাননি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি