এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম
ম্যাথিউসকে ৯ বছর আগের ইতিহাস মনে করিয়ে দিলো রুবেল
গতকাল শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে সাকিব-শান্তর দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করলেও, সব কিছু চাপা পড়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিতর্কিত আউট। ১৪৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউটের শিকার লঙ্কান অলরাউন্ডার। এ নিয়ে তিনি তোপ দেগেছেন সাকিব আল হাসান, বাংলাদেশ দল এমনকি আম্পায়ারের বিপক্ষেও। বিপরীতে ম্যাথিউসের আবেগ নিয়ে প্রশ্ন তুলেছেন টাইগার পেসার রুবেল হোসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে টাইমড আউট সিদ্ধান্ত নিয়ে পক্ষে-বিপক্ষে জোর আলোচনা চলছে। নিজের মন্তব্য নিয়ে এবার সতীর্থদের পাশে এসে দাঁড়ালেন দলের বাইরে থাকা পেসার রুবেল। ম্যাচে সাকিবের আপিলে কোনো বল না খেলেই ফিরে যেতে হয় ম্যাথিউসকে। সে কারণে নিয়ম থাকলেও সবাই ক্রিকেট স্পিরিট ঠিক না রাখা নিয়ে আঙুল তুলছেন বাংলাদেশ অধিনায়ক সাকিবের দিকে।
নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে ম্যাচ শেষে দেওয়া সাকিবের মন্তব্য শুরুতে তুলে ধরেন রুবেল, আমি জানিনা ঠিক করেছি নাকি ভুল। আমি যা করেছি দলের প্রয়োজনে করেছি, অ্যাম্পায়ার আমার কাছে জিজ্ঞাসা করেছে আমি সিরিয়াস কিনা, আমি এটাও জানি এটা নিয়ে বিতর্ক থাকবে।
পরবর্তীতে ম্যাথিউসের ৯ বছর আগের এক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন রুবেল, ম্যাথিউস আপনি একজন প্রফেশনাল ক্রিকেটার। ৯ বছর আগে আপনি যখন জস বাটলারকে একটি বিতর্কিত আউট করেছিলেন, তখন আপনার আবেগ কোথায় ছিল। কাউকে না কাউকে পথ দেখাতে হবে তো, গ্রেট ব্রাদার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি