এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৩, ০১:১১ পিএম
৭ অক্টোবরে হামাসের হামলায় নিহত সংখ্যা কমাল ইসরায়েল
ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সংগঠন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের হামলায় নিহতের সংখ্যা এক মাস পরে কমিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ অনুযায়ী, ওই হামলায় নিহত হয়েছেন ১ হাজার ২০০ ইসরায়েলি।
এতোদিন পর্যন্ত তারা বলছিল যে হামাসের হামলায় নিহত হয়েছে অন্তত ১ হাজার ৪০০ জন। শুক্রবার এক লিখিত বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত জানান, প্রাথমিক পর্যায়ে অনেক মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি ইসরায়েলি পুলিশ ও ফরেনসিক সদস্যদের পক্ষে। এ কারণে ওই হামলায় নিহত ২ শতাধিক ফিলিস্তিনিকেও তালিকায় আন্তর্ভুক্ত করা হয়েছিল।
পবিত্র আল-আকসা মসজিদের পবিত্র লংঘন এবং ফিলিস্তিনি জনগণের ওপর ক্রমবর্ধমান হামলা- নির্যাতনের প্রতিবাদে গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর অতর্কিত অপারেশন আল-কুদস ফ্লাড নামে বড় ধরণের অভিযান চালায় হামাস যোদ্ধারা। এ সময় তারা ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।
আকস্মিক এই হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান এখনও চলছে। উপরন্তু ২৭ গত অক্টোবর থেকে উপত্যকায় এ হামলায যোগ দিয়েছে দখলদার দেশটির স্থলবাহিনীও।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা শুক্রবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর গত ১ মাসের অভিযানে উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ১১ হাজার ৭৮ জন। এই নিহতদের মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু এবং ৩ হাজার ২৭ জন নারী ও এবং ৬৭৮ জন বয়স্ক মানুষ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি