ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভূমধ্যসাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ সেনা নিহত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ০১:১১ পিএম

ভূমধ্যসাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ সেনা নিহত

 ভূমধ্যসাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ সেনা নিহত

পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণের সময় এ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। মার্কিন সেনাবাহিনী এ কথা জানিয়েছে। তারা বলেছে, রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসাবে পুণরায় জ্বালানি ভরার সময় সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

টানা এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ব্যাপক নৃশংস আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে ইসরায়েলের তীব্র হামলা শুরুর পর মার্কিন সেনাবাহিনী ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী যুদ্ধজাহাজসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। ইসরায়েলে গোলাবারুদ সরবরাহ করার পাশাপশি এই অঞ্চলে সামরিক মহড়াও শুরু করেছে দখলদার ইসরায়েলের মদদদাতা দেশ যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন, সেনা সদস্যরা ‘আমাদের দেশের জন্য জীবনকে বাজি রাখছেন’। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের নিহত সকল যোদ্ধার পরিবারের জন্য প্রার্থনা করছি।’

অবশ্য হেলিকপ্টারটি কোথা থেকে উড়ছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা মার্কিন সামরিক বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে থাকা দুটি বিমানবাহী যুদ্ধজাহাজে বহু যুদ্ধবিমান ও হেলিকপ্টার মোতায়েন রয়েছে।

মূলত গাজায় ইসরায়েলি হামলা এই অঞ্চলের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে বলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে এবং এই কারণেই ইসরায়েলকে সমর্থন দান ও অন্যদেরকে হুমকি দিতে সেখানে বিমানবাহী যুদ্ধজাহাজসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে ওয়াশিংটন। বিশেষ করে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যেন এই সংঘাতে যোগ দিতে না পারে, সেটা নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি