এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৩, ০১:১১ পিএম
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে খেলবে, অধিনায়ক বাভুমার বিশ্বাস
বিশ্বকাপের সেমিফাইনাল কিংবা রানতাড়ায় ব্যর্থতার পাল্লা ভারী হওয়ায় দক্ষিণ আফ্রিকার নামের পাশে জুটে গেছে ‘চোকার্স’ তকমা। তবে এবারের আসরে ভিন্ন আভাসই দিচ্ছে প্রোটিয়ারা। ছন্দময় আগ্রাসী ব্যাটিংয়ে তারা ৯ ম্যাচে কেবল দুটিতে হেরেছে। টেবিলের দুইয়ে থেকে টেম্বা বাভুমার দল নিশ্চিত করেছে সেমিফাইনাল।
আগামী ১৬ নভেম্বর তারা কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। নিজের একগুঁয়েমি বা জেদ’ই দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে নিয়ে যাবে বলে দৃঢ়বিশ্বাস বাভুমার।
এই প্রসঙ্গ এসেছে মূলত আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাভুমা হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও মাঠে নামায়। রানতাড়ায় যে দক্ষিণ আফ্রিকা ঐতিহাসিকভাবেই দুর্বল, সেটা কাটাতেই নাকি আফগানিস্তানের বিপক্ষে তারা রানতাড়া করতে চেয়েছিল। যদিও টসে জিতে আফগানরা দক্ষিণ আফ্রিকাকে রানতাড়া করারই সুযোগ দেয়। সে পরীক্ষায় পাস করতেই প্রোটিয়া অধিনায়ক বাভুমা জানিয়েছেন, এটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের প্রস্তুতি।
আফগানদের ২৪৪ রানতাড়ায় ৫ উইকেটে জয়ের পর বাভুমা বলেন, ‘আমার পায়ে ব্যথা রয়েছে। আমি জানি না এটা আরও বাড়বে কি না, তবে আমাকে অবশ্যই সুস্থ থাকতে হবে। আমি একটু জেদি প্রকৃতির। আমার পা ঠিক থাকতেই হবে। আমার বিশ্বাস, এই একগুঁয়েমিই দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে নিয়ে যাবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি