ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ওরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাকে ছাড়েনি: ডোনাল্ড


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ০৫:১১ পিএম

ওরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাকে ছাড়েনি: ডোনাল্ড

ওরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাকে ছাড়েনি: ডোনাল্ড

শেন জার্গেনসনকে ভাগ্যবান বলতেই হবে! বাংলাদেশ ক্রিকেটে তার কাটানো শেষ দিনে বিসিবি ফেয়ারওয়েল অন্তত আয়োজন করেছিল। কেক কেটে, ক্রেস্ট পেয়ে, হাজারো ছবি তুলে, মুখে চওড়া হাসি নিয়ে বিদায় নিয়েছিলেন জার্গেনসন। বাকি বেশিরভাগের সঙ্গে যা হয়েছে তা অনভিপ্রেত। ২০১৯ বিশ্বকাপের পর কোর্টনি ওয়ালশকে আনুষ্ঠানিকভাবে বিদায় পর্যন্ত বলা হয়নি। ক্যারিবিয়ান কিংবদন্তি টিম হোটেলে নিজের লাগেজ টেনে গাড়িতে তুলে বাংলাদেশের অধ্যায়ের সমাপ্তি টানেন। স্টিভ রোডস দলের সঙ্গে দেশে ফিরে জানতে পারেন তাকে আর রাখা হবে না। বেচারা স্ত্রীকে নিয়ে আবার ধরেন ফিরতি ফ্লাইট। সবশেষ অ্যালান ডোনাল্ডের সঙ্গেও ঘটে গেল এমন কিছু। 

পেস বোলিং কোচ বাংলাদেশ ক্রিকেটে কাটানো অধ্যায় শেষ করেছেন পারিবারিক কারণে। বিশ্বকাপ শেষে চুক্তি নবায়ন করবেন না তা আগেভাগে জানিয়ে দিয়েছিলেন বিসিবিকে। পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের আগে ড্রেসিংরুমে সতীর্থ এবং শিষ্যদের থেকে বিদায় নেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তির প্রস্থান হয়েছে এক আকাশ অভিমান নিয়ে। দেশে ফিরে রাইজিংবিডিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সেসব নিয়ে কথা বলেছেন ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত ডোনাল্ড…

পরিবারের কাছে ফিরে নিশ্চয়ই এখন খুশি?
অ্যালান ডোনাল্ড: ওরা আমার অপেক্ষায় ছিল। ওদের কাছে ফিরে আমি খুশি। ওরাও আমাকে পেয়ে আনন্দিত। আসলে দিনশেষে পরিবারের কাছে ফেরা আসল গন্তব্য। কাজের জন্য আমাদেরকে বাইরে থাকতে হয়। খেলোয়াড়ী জীবনে সেই কাজটা করেছি। পরে কোচিংয়ে। লম্বা সময়ই বাইরে কাটাতে হয়েছে। এখন বয়স অনেক কিছু পারমিট করে না। মনে হচ্ছে কিছুটা সময় ওদেরকে দেওয়া প্রয়োজন। তাই ইচ্ছে করেই আমি এখন ওদের সাথে।

পরিবারের জন্যই তো বাংলাদেশ ক্রিকেটের অধ্যায়ের সমাপ্তি টানলেন?
অ্যালান ডোনাল্ড: আপাতত হ্যাঁ। ভবিষ্যতে কোথায় যাবো। কি করবো সেসব নিয়ে চিন্তা করিনি। আপাতত পরিবারকে নিয়ে ভাবছি। ওরা আমাকে মিস করছিল। আমিও তাই। টানা ৮৪ দিন আমি কাজে যুক্ত ছিলাম। আমার ২ বছরের নাতি আছে। ওর সঙ্গ, বেড়ে ওঠা মিস করছি। সেজন্য আমাকে বেছে নিতে হয়েছে পরিবারকে। আন্তর্জাতিক ক্রিকেটের যে ব্যস্ততা তাতে আমাকে কাজ করতে হলে পরিবারকে ছেড়ে থাকতে হবে। জীবনের এই পর্যায়ে এসে আমাকে তাই পরিবারের কাছে ফিরতেই হতো। 

শুভকামনা। বাংলাদেশে দেড় বছরের মতো সময় কাটিয়েছেন। নিজের কাটানো সময় নিয়ে কি বলবেন?
অ্যালান ডোনাল্ড: আমি সেরা বোলিং অ্যাটাক নিয়ে কাজ করেছি। নিশ্চিতভাবেই ওরা ক্ষিপ্র। ওরা সাফল্যের জন্য ক্ষুধার্ত। ওরা বিশ্ব জয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কাউকে নিয়ে আলাদা করে কোনো মন্তব্য নয়। স্রেফ বলবো ওরা প্রত্যেকে অসাধারণ ছিল। নিজের কাজের প্রতি ডেডিকেটেড ছিল। সাফল্য-ব্যর্থতা ভাগ্যের ওপর নির্ভর করে। আপনার পরিশ্রম, নিবেদন সেই ভাগ্য গড়ে দেয়। ওরা মাঠে সেই নিবেদন দেখাচ্ছিল দিনের পর দিন। সেজন্য ওদের সঙ্গে প্রবলভাবে মিশে গিয়েছিলাম। কাউকে সাফল্য-ব্যর্থতা দিয়ে মূল্যায়ন করার চেয়ে তার কাজের প্রতি ভালোবাসাটা কতোটা গাঢ় সেটা আমলে আনা উচিত। ওরা সেই সমস্ত ছেলে যারা মন থেকে উজাড় করে খেলতে ভালোবাসত। সেজন্য ওদের ব্যর্থতাও আমি উপভোগ করতাম।