এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৩, ০৬:১১ পিএম
মিয়ানমারের শিন রাজ্য জান্তা সরকারের হাতছাড়া
গত ২৪ ঘণ্টায় সংঘাতপূর্ণ শিন রাজ্যের প্রায় পাঁচ হাজার গ্রামবাসী পাশের ভারতীয় রাজ্য মিজোরামে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে রয়েছে ৩৯ জন সেনা সদস্য। অপরদিকে মন রাজ্যে যুদ্ধে টিকতে না পেরে ২৩ সেনা সদস্য প্রতিরোধ যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে। প্রতিরোধ জোট ‘ব্রাদারহুড অ্যালায়্যান্স’-এর হামলায় একের পর এক এলাকা হাতছাড়া হচ্ছে মিয়ানমার সেনাবাহিনীর।
মিজোরাম পুলিশের আইজি লালবিয়াকথাঙ্গা খিয়াংটে মঙ্গলবার বলেন, ‘মিজোরামের চাম্পেই জেলা লাগোয়া সীমান্তের অদূরে মিয়ানমার সেনার রিখাওদর এবং খাওমাওয়ি ছাউনি দু’টি সোমবার সন্ধ্যায় প্রতিরোধ যোদ্ধারা দখল করে। প্রাণভয়ে ৩৯ জন মিয়ানমার সেনা জড়োকাওথান সীমান্ত চেকপোস্ট পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে আত্মসমর্পণ করেছেন।
গৃহযুদ্ধের পরিস্থিতিতে মিয়ানমারের লক্ষাধিক মানুষ ইতোমধ্যেই ঘরছাড়া হয়েছেন বলে জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে। এক দশক আগের রোহিঙ্গা বিতাড়ন পরিস্থিতির পরে তাই মিয়ানমারের বর্তমান গৃহযুদ্ধ নতুন করে ‘শরণার্থী সমস্যা’ তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে চিন্তা বেড়েছে ভারতের।
সোমবার মিজোরাম সীমান্তে হামলায় তিন সশস্ত্র গোষ্ঠীর জোটের পাশাপাশি, পশ্চিম মিয়ানমারে সক্রিয় দুই বিদ্রোহী বাহিনী ‘শিন ন্যাশনাল আর্মি’ (সিএনএ) এবং চায়নাল্যান্ড ডিফেন্স ফোর্স (সিডিএফ)-এর যৌথবাহিনী পিপল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ)। মিয়ানমারের শিন রাজ্যে রয়েছে তাদের সদর দপ্তর ক্যাম্প ভিক্টোরিয়া। ওই প্রদেশের বড় অংশই এখন বিদ্রোহীদের দখলে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি