এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৩, ০৮:১১ পিএম
মিয়ানমার সংকট, ইসরায়েল-হামাস যুদ্ধের অবসান চায় আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীরা
বুধবার জাকার্তায় আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে উল্লিখিত ইস্যুগুলো ছাড়াও আলোচনায় দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব বিস্তারের বিষয়টিও ছিল। এই সপ্তাহে মুসলিম প্রধান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে গাজায় যুদ্ধ বিরতির আহবান জানিয়েছেন।
ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী প্রভাও সুবিয়ান্তো বুধবারের বৈঠকে বলেন, ফিলিস্তিনে যা ঘটছে তা মেনে নেওয়ার মতো নয়। ইসরায়েল যেভাবে ৭ অক্টোবরের প্রতিশোধে হামলা চালাচ্ছে তা মেনে নেওয়ার মতো নয়।
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ হাসানও যুদ্ধ বিরতির আহবান জানিয়ে বলেন, কুয়ালালামপুর যে কোনো ধরনের সন্ত্রাস ও বেসামরিক লোকদের হত্যার নিন্দা জানায়। তিনি বলেন, ‘জীবননাশ, ভোগান্তি ও ধ্বংস অবশ্যই বন্ধ করতে হবে এবং এ ধরনের কাজ থেকে সব পক্ষকেই বিরত থাকা ও এটা যাতে ছড়িয়ে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে।’
আসিয়ানের চেয়ারে থাকা ইন্দোনেশিয়া থেকে বিবৃতির যে খসড়া তৈরি করা হয়েছে তাতে সমাধানের কোনো কথা বলা হয়নি। তাতে কেবল জাকার্তার মতামতই প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। বিবৃতিতে মানুষের জীবন ও সম্পদের প্রতি সম্মান জানানোর আহবান জানানো হয়েছে।
মিয়ানমারে ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর একটি পাঁচ-দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ার পর জান্তা নেতাদের ১০-সদস্যের এই ব্লকের উচ্চ-পর্যায়ের বৈঠক থেকে নিষিদ্ধ করা হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি