এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৩, ১১:১১ এএম
ফাইনালের দুদিন আগেই পিচ পরিদর্শন করেছেন রোহিত শর্মা
চলমান বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের পিচ নিয়ে কম বিতর্ক হয়নি। গত বুধবার খেলা মাঠে গড়ানোর আগমুহূর্তে মুম্বাইয়ের ওয়াংখেড়ের পিচ বদলের অভিযোগ উঠেছিল ভারতের বিরুদ্ধে। নির্ধারিত পিচে না খেলে ব্যবহৃত পিচ বেছে নেওয়া হয়েছিল সেদিন। যা নিয়ে জল অনেকদূর গড়ায়। পরে বিবৃতি দিতে বাধ্য হয় আইসিসি। তারা স্রেফ জানিয়ে দেয়, এই ধরনের প্রতিযোগিতার শেষ দিকে পিচে বদল স্বাভাবিক ব্যাপার। আইনেও তেমন বিধিনিষেধ অবশ্য নেই।
পিচ বিতর্কের ম্যাচে নিউজিল্যান্ডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে এক যুগ পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। আগামী রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল চলাকালেই ফাইনালের ভেন্যুতে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। শুক্রবার মাঠেও নেমে পড়েছেন স্বাগতিকরা। এর মধ্যেই রোহিতকে দেখা গেছে পিচ পরখ করতে।
প্রথম সেমিফাইনালের পিচ বদল নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন এক প্রতিবেদনে জানায়, ‘ভারতীয় স্পিনারদের সুবিধা দিতে আলাদা পিচ বেছে নেওয়া হয়েছে। আইসিসির পিচ কনসালটেন্ট অ্যান্ডি অ্যাটকিনসনের সঙ্গে বিসিসিআই একটি সম্মতিতে পৌঁছেছিল যে– ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালের জন্য অব্যবহৃত একটি পিচ দেওয়া হবে। কিন্তু সেই পিচের পরিবর্তে ইতোমধ্যে চলতি টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়া ২২ গজকে বেছে নেওয়া হয়েছে।’
সংবাদমাধ্যমটি সেসময় আরও একটি দাবি করে, সেমিফাইনাল জিতে ভারত ফাইনালে উঠতে পারলে তারা একই কাজ করবে। অর্থাৎ রোহিত শর্মার দল ফাইনালে উঠলে উইকেট পাল্টানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছেন ব্রিটেনের খ্যাতিমান ক্রীড়া সংবাদকর্মী, লেখক ও উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সম্পাদক লরেন্স বুথ।