এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৩, ০৩:১১ পিএম
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে পরিবর্তন আনল নিউজিল্যান্ড
সপ্তাহখানেক আগে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড। এবার সেই দলে পরিবর্তন আনল কিউইরা। দলটির তারকা পেসার ম্যাট হ্যানরি চোটের কারণে বিশ্বকাপের শেষভাগে খেলতে পারেননি। কথা ছিল বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও ফিরবেন মাঠে।
সবশেষ খবর, বাংলাদেশের বিপক্ষে তার খেলা হচ্ছে না। তার বদলি হিসেবে নেইল ওয়েগনারের নাম ঘোষণা করেছে কিউইরা। শুক্রবার এক বিবৃতিতে নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম উইলস জানিয়েছেন, তিনি আশাবাদী ওয়েগনার নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন বাংলাদেশের বিপক্ষে।
উইলস বলেন, বাংলাদেশ সফরে নেইলের স্কিল এবং অভিজ্ঞতা পাওয়া দারুণ এক ব্যাপার। রেকর্ডই তার হয়ে কথা বলবে এবং আমরা সবাই জানি যে সে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সে উপমহাদেশের মাটিতে অনেক ম্যাচ খেলেছে এবং আমি জানি সে এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকবে।
আসন্ন এই সফরে কিউই দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। লাল বলের নিয়মিত স্পিনার এইজাজ প্যাটেলের সঙ্গে বাংলাদেশে আসছেন মিচেল স্যান্টনারও। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার বাংলাদেশের মাটিতে পা রাখবে নিউজিল্যান্ড দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২৮ নভেম্বর।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ পর্যন্ত ১৭টি টেস্ট ম্যাচ খেলেছে। তারমধ্যে নিউজিল্যান্ড জিতেছে ১৩টিতে, বাংলাদেশ জিতেছে মাত্র ১টিতে, বাকি ৩টি ড্র হয়েছে। [৭] বাংলাদেশের একমাত্র জয়টি এসেছিলো গত বছর নিউজিল্যান্ড সফরে মুমিনুল হকের নেতৃত্বে। সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়। মাউন্ট মঙ্গানুই স্টেডিয়ামে প্রথম টেস্টে সফরকারী বাংলাদেশ ৮ উইকেটে নিউজিল্যান্ডকে পরাজিত করে। কিউইরা তাদের দুই ইনিংসে ৩২৮ ও ১৬৯ রান করে। আর বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৫৮ ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৪২ রান করে জয়ী হয়। বাংলাদেশের এবাদত হোসেন দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৬ রানে ৬টি উইকেট পেয়ে ম্যাচসেরা হন।
উজিল্যান্ড স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, নেইল ওয়েগনার, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, এইজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি