ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিশ্বকাপ ফাইনালে বিসিসিআইয়ের আমন্ত্রণ পাননি সৌরভ গাঙ্গুলি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৩, ০৩:১১ পিএম

বিশ্বকাপ ফাইনালে বিসিসিআইয়ের আমন্ত্রণ পাননি সৌরভ গাঙ্গুলি

 বিশ্বকাপ ফাইনালে বিসিসিআইয়ের আমন্ত্রণ পাননি সৌরভ গাঙ্গুলি

আগামীকাল বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচকে কেন্দ্র করে নতুন ভাবে সাজানো হয়েছে আহমেদাবাদকে। ফাইনাল দেখতে মাঠে উপস্থিত থাকেন দেশটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে দেশ সেরা বলিউড তারকারাও। তবে আমন্ত্রণ জানানো হয়নি ভারতীয় ক্রিকেটের মাহারাজা খ্যাত সৌরভ গাঙ্গুলিকে। দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে ভারত, তাও আবার ঘরের মাঠে। সেখানে গাঙ্গুলির আমন্ত্রণ না পাওয়ার এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

দেশটির সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন তাদের প্রতিবেদনে বলেছে, ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দেখতে রোববার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসবে তারকাদের মেলা। তার আগেই আহমেদাবাদে পা রেখেছেন সৌরভ গাঙ্গুলি। অথচ তিনিই আমন্ত্রিত নন বিশ্বকাপের মেগাফাইনালে! বিসিসিআইয়ের পক্ষ থেকে তাকে আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। আইসিসির মিটিংয়ে উপস্থিত থাকার লক্ষ্যে ক্রিকেট মহারাজ রয়েছেন ওই শহরে।

কলকাতার প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, সৌরভ গাঙ্গুলি আমন্ত্রিত নন, অবিশ্বাস্য। কিন্তু সত্যি হচ্ছে তিনি ভারতের সবচেয়ে সফল অধিনায়কদের একজন এবং এক বছর আগেও তিনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন। অথচ তাকে এখনো ফাইনালের আমন্ত্রণ পাঠানো হয়নি। রোববার সকালে আইসিসির সভায় অংশ নিতে তিনি আহমেদাবাদে গিয়েছেন। বিসিসিআইয়ের আমন্ত্রণ না পেলেও আইসিসি ও স্টার স্পোর্টস চ্যানেলের আমন্ত্রণে ধারাভাষ্য দেওয়ার কথা রয়েছে গাঙ্গুলির।

তবে বিষয়টি ইচ্ছাকৃত নয় বলেও উল্লেখ করেন তিনি, বোর্ড সেক্রেটারি জয় শাহের সঙ্গে সৌরভের বেশ ভালো সম্পর্ক। তাই বিষয়টি হয়তো কোনোভাবে অজ্ঞাতসারে ঘটে গেছে। আশা করি বিষয়টি দ্রুত সমাধান পাবে। এটি নিশ্চয়ই যোগাযোগ দূরত্বের সমস্যা এবং সম্পূর্ণ অনিচ্ছাকৃত।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি