ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিশ্বকাপের ফাইনালে ২৪০ রানে থেমে গেল ভারত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৩, ০৮:১১ পিএম

বিশ্বকাপের ফাইনালে ২৪০ রানে থেমে গেল ভারত

 বিশ্বকাপের ফাইনালে ২৪০ রানে থেমে গেল ভারত

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে ঘরের মাঠে ফেভারিট হিসেবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামে  স্বাগতিক ভারত। তবে আসরের টানা অপরাজিত থাকা ভারতের শক্তিশালী ব্যাটিং অর্ডার বিধ্বস্ত হয়েছে কামিন্স-স্টার্কদের বোলিং তোপে।

রোববার গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলো অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে ২৪০ রানে অলআউট হয় ভারত। এতে অজিদের হেক্সা মিশনের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৪১ রানের।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই শুভমান গিলকে হারায় ভারত। ৪ রানে আউট হন এই ডান হাতি ব্যাটার। তবে কোহলিকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রোহিত শর্মা। ৪৭ রান করে  রোহিত ক্যাচ আউট হলে, ৪ রান করে তার দেখানো পথে হাঁটেন শ্রেয়াস আইয়ার। দলীয় ৮১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

 এরপর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন অভিজ্ঞ বিরাট কোহলি। ৫৬ বলে ফিফটি পূরণ করেন তিনি। ৫৪ রানে কোহলিকে সাজঘরে ফেরান অজি অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু অপর প্রান্তে থিতু হন রাহুল। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৮৬ বলে ফিফটি পূরণ করেন তিনি। ৯ রান করে রবীন্দ্র জাদেজা আউট হলে, রাহুলকে সঙ্গ দেন সুরিয়া কুমার যাদব। ৬৬ রান করে আউট হন রাহুল। এরপর উইকেট মিছিলে যোগ দেন  মোহাম্মদ শামি (৬), জাসপ্রিত বুমরাহ (১) ও সুরিয়া কুমার যাদব (২৬)। শেষ পর্যন্ত কুলদ্বীপ যাদব ১০ ও  সিরাজের অপরাজিত ৯ রানে ভর করে ২৪০ রানের লড়াকু পুঁজি পায় ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স দুটি করে উইকেট নেন। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট শিকার করেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি