ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফাইনালে আমরা ভয় পেয়ে খেলেছি এটা বিশ্বাস করি না: দ্রাবিড়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০৩:১১ পিএম

ফাইনালে আমরা ভয় পেয়ে খেলেছি এটা বিশ্বাস করি না: দ্রাবিড়

 ফাইনালে আমরা ভয় পেয়ে খেলেছি এটা বিশ্বাস করি না: দ্রাবিড়

 বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই ভালো শুরু পেয়েছে ভারত। যেখানে বিশেষ ভূমিকা পালন করেছে দলের অধিনায়ক রোহিত শর্মা। পুরো আসরজুড়ে বিধ্বংসী ছিলেন এই ডান হাতি ব্যাটার। কিন্তু এরপর অনেক সময়ই ভারতের খেলা স্লো হয়ে গেছে। ফাইনালেও হয়েছে তেমনই। ৩১ বলে ৪৭ রান করে আউট হন রোহিত শর্মা।  

পরে আরও কয়েকজন রান পেলেও দ্রুতগতি ছিল না তাতে। ১০৭ বল খেলে ৬৬ রান করে আউট হন লোকেশ রাহুল। কোহলি ৫৩ রান করতে খেলেছেন ৬৪ বল। ফাইনালের পর প্রশ্ন ছিল ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের কাছে, তারা কি একটু ভয় পেয়ে খেলেন?

উত্তরে দ্রাবিড় বলেন, আমি এটা বিশ্বাস করি না যে এই টুর্নামেন্টে ভয় নিয়ে খেলেছি। এই ফাইনাল ম্যাচেও ১০ ওভারে ৮০ রান ছিল আমাদের। এরপর আমরা উইকেট হারিয়েছি। যখন আপনি উইকেট হারাবেন, আপনার কৌশল ও টেকটিকস বদলাতে হবে। আমরা এই টুর্নামেন্টে ওটাই করেছি।

ফাইনালে নামার আগে পরিষ্কারভাবেই ফেভারিট ছিল ভারত। এই বিশ্বকাপে আগের ১০ ম্যাচের একটিতেও হারেনি তারা। কোনো দল সেভাবে ম্যাচ ক্লোজও করতে পারেননি। একদম ফাইনালে এসে ম্যাচ হেরে যাওয়ার ধাক্কাটা কেমন?

রাহুল বলেন, আমরা ফেভারিট ছিলাম কারণ আমরা ভালো খেলেছি কিন্তু আপনাকে এটাও মানতে হবে অস্ট্রেলিয়া খুব ভালো দল। তারাও ফাইনাল খেলতে এসেছিল টানা আট ম্যাচ জিতে। আমাদের এ নিয়ে কোনো সংশয় ছিল না কঠিন ম্যাচ হবে। এমনিতে আমাদের আত্মবিশ্বাস ছিল যদি ভালো খেলি তাহলে সঠিক ফলটা পাবো। কিন্তু দুর্ভাগ্যবশত, নির্দিষ্ট দিনে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি