ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চীনে শিশুদের রহস্যময় নিউমোনিয়ার প্রাদুর্ভাব, তথ্য চেয়েছে ডব্লিউএইচও


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০১:১১ পিএম

চীনে শিশুদের রহস্যময় নিউমোনিয়ার প্রাদুর্ভাব, তথ্য চেয়েছে ডব্লিউএইচও

চীনে শিশুদের রহস্যময় নিউমোনিয়ার প্রাদুর্ভাব, তথ্য চেয়েছে ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও) বুধবার দেওয়া এক বিবৃতিতে দেশটির উত্তরাঞ্চলে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া রহস্যময় এ নিউমোনিয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য বেইজিংয়ের প্রতি  আহ্বান জানিয়েছে।

রাজধানী বেইজিংসহ চীনের বিভিন্ন শহরের শিশুদের মধ্যে রহস্যজনক নিউমোনিয়া ছড়িয়ে পড়েছে। আক্রান্ত শিশুদের মধ্যে প্রথম পর্যায়ে ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন উপসর্গ দেখা দিলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের শ্বাসকষ্ট শুরু হচ্ছে যা নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের বেলায় দেখা যায়।

গত ১২ নভেম্বর এক সংবাদ সম্মেলনে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে এই রোগটিতে আক্রান্ত শিশুদের সংখ্যা। করোনাকালে জনগণ যেসব বিধিনিষেধ মেনে চলতেন, অজানা এই নিউমোনিয়ার ছড়িয়ে পড়া রোধ করতেও দেশের লোকজনজকে সেসব বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তারা।

জনস্বাস্থ্য পর্যবেক্ষণ বিষয়ক আন্তর্জাতিক নজরদারি সংস্থা প্রোমেড ইতোমধ্যে এক বিবৃতিতে এ বিষয়ক সতর্কবার্তা জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, চীনের শিশুদের মধ্যে বর্তমানে যে নিউমোনিয়া শুরু হয়েছে, সেটির কতখানি ঝুঁকিপূর্ণ হতে পাওে তা এখনও নির্ণয় করা যায়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনা দেখা দেওয়ার পর সবার আগে বিশ্ববাসীকে এই রোগ সম্পর্কে সতর্কবার্তা দিয়েছিল প্রোমেড।

তাইওয়ানভিত্তিক টেলিভিশন চ্যানেল এফটিভি নিউজ বুধবার জানিয়েছে, রাজধানী বেইজিং এবং উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ে এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে এই দুই অঞ্চলের হাসপাতালগুলোতে এই নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে বলেও জানিয়েছে এফটিভি নিউজ।

এই রোগটিকে ‘রহস্যময় নিউমোনিয়া’ বলার বড় কারণ হলো সাধারণ নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে জ্বরের পাশাপাশি কফ, বুকে জমাট বেঁধে থাকা কফের শব্দ এবং সেই কারণে শ্বাসকষ্ট দেখা যায়। কিন্তু এখন পর্যন্ত যেসব শিশু এই রোগটিতে আক্রান্ত হয়ে তাদের অভিভাবকদের মাধ্যমে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে, তাদের মধ্যে কফ কিংবা বুকে জমাটবাঁধা কফের মতো কোনো উপসর্গ দেখা যায়নি। বরং যে দু’টি উপসর্গ দেখা গেছে, সেগুলো হলো উচ্চমাত্রার জ্বর এবং এবং শ্বাসকষ্ট।

বুধবারের বিবৃতিতে জনস্বাস্থ্য নজরদারি সংস্থা প্রোমেড বলেছে, ঠিক কবে থেকে এই প্রাদুর্ভাব শুরু হয়েছে, তা এখনও পরিষ্কার নয়; তবে খুব অল্প সময়ের মধ্যে এত সংখ্যক শিশুর এই রোগে আক্রান্ত হওয়া অস্বাভাবিক। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি