এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম
সূর্য কুমারের সংবাদ সম্মেলনে মাত্র ২ জন সাংবাদিক
গত রোববার বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া কাছে শিরোপা হেরেছে স্বাগতিক ভারত। সেই রেশ না কাটতে অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে মাঠে নামছে ভারত। এই সিরিজে দলকে নেতৃত্ব দিবেন সূর্য কুমার যাদব। প্রথমবার অধিনায়কত্ব পেয়ে ম্যাচের আগের দিন বুধবার বিশাখাপট্টনমে সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন মাত্র দুইজন সাংবাদিক।
তখন নতুন অধিনায়ককে ঘিরে স্বাভাবিকভাবেই সবার আগ্রহ থাকার কথা। বিশেষ করে অধিনায়কের প্রথম সংবাদ সম্মেলনে সংবাদকর্মীতে ভরপুর থাকে। সেখানে তার বেলায় পুরো উল্টো ঘটনা ঘটেছে।
অনেকে ভাবতে পারেন, বিশ্বকাপ ফাইনালে ভারতীয়দের হৃদয় ভাঙার ক্ষত এখনো সারেনি। কিন্তু এ ক্ষেত্রে ব্যাপারটা তেমন নয়। মূলত বিশ্বকাপ শেষ হতে না হতেই দুই ফাইনালিস্টের আরেকটি সিরিজ শুরু হতে যাওয়া নিয়ে ক্লান্ত সাংবাদিকেরা আগ্রহ হারিয়ে ফেলেছেন।
বিশ্বকাপ শেষ হওয়ার চার দিন পরেই ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ অনেকের কাছে অর্থহীন মনে হচ্ছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন তো রাখঢাক না রেখেই বলে দিয়েছেন, লোভের কারণে এই সিরিজ আয়োজন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে এসেই সূর্যকুমার বিস্ময় প্রকাশ করে বলেন, মাত্র দুজন? এরপর ব্যাপারটাকে হেসে উড়িয়ে দেন। অন্য দিনগুলোতে ভারতীয় অধিনায়ককে যেখানে প্রশ্নবাণে জর্জরিত করার চেষ্টা করা হয়, সেখানে সূর্য কুমারের সংবাদ সম্মেলনে অস্বস্তিদায়ক কোনো প্রশ্ন করা হয়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি