এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৩, ০৭:১১ পিএম
চোটের অবস্থা বুঝতে আবার লন্ডন যাচ্ছেন এবাদত
আয়ারল্যান্ড সিরিজের মাঝ পথে হাঁটুর ইনজুরিতে পড়েন পেসার এবাদত হোসেন। চোট গুরুত্বর হওয়ায় লন্ডনে অস্ত্রোপচার করা হয়। ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যায় এই টাইগার পেসার। বিশ্বকাপের বিমানে ওঠার আগে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন, বিশ্বকাপে এবাদতকে মিস করবেন তিনি।
পরে টুর্নামেন্টজুড়ে তার অভাব ভালোভাবেই টের পেয়েছে দল। এ বছরের আগস্টে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ইংল্যান্ডে গিয়ে অস্ত্রোপচার করান এবাদত। তার উন্নতির কী অবস্থা সেটি জানতে লন্ডনে যাচ্ছেন এ পেসার, এমনটি জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, এবাদতের হাঁটুর অপারেশন হয়েছে দুই মাস হতে চলল। সে তার চোটের অবস্থা বুঝতে আবারও ইংল্যান্ড যাচ্ছে।
অগ্রগতি হয়েছে, তবে চোটের অবস্থা বুঝতে যে অপারেশন করেছে তার কাছে পাঠানো হচ্ছে এবাদতকে। এই মাসের ৩০ তারিখ ওর ডাক্তার দেখানোর কথা। এর দুই-একদিন আগে সে যাবে, ডাক্তারের সঙ্গে দেখা করে আবার কয়েকদিন পরই ফিরে আসবে।
বাংলাদেশের জার্সিতে এখন অবধি ২০টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন এবাদত। ক্যারিয়ারের শুরু থেকে টেস্ট স্পেশালিস্ট তকমা পান। তবে গত বছরের আগস্টে ওয়ানডে অভিষেকের পর তিন ফরম্যাটেই নিয়মিত হয়ে উঠেছিলেন। অভিষেকের পর থেকে চোট পাওয়া অবধি দলে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেটও ছিল তার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি