এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৩, ০৭:১১ পিএম
অস্ট্রেলিয়ান পত্রিকায় রোহিত-কোহলিদের ব্যঙ্গ, লাইক দিলেন কামিন্সরা
ক সপ্তাহ আগে শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। কিন্তু এখনও রয়ে গেছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনা। আহমেদাবাদের অনুষ্ঠিত দুই দলের ফাইনালে যদিও বিতর্কিত কিছু ঘটেনি। নিজেদের দলীয় নৈপুণ্যে টুর্নামেন্টজুড়ে উড়তে থাকা ভারতকে বড় ব্যবধানে হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া।
এরপর ভারতীয় সমর্থকরা একের পর এক অজি ক্রিকেটারদের ওপর তোপ দাগছেন। এবার তেমনটা দেখা গেল অস্ট্রেলিয়ায়ও। রোহিত-কোহলিদের ব্যঙ্গ করে দেওয়া পোস্টে লাইক দিয়ে বিতর্ক বাড়িয়েছেন প্যাট কামিন্স ও গ্লেন ম্যাক্সওয়েলরা।
ভারতীয় ক্রিকেটারদের ব্যঙ্গ করে অস্ট্রেলিয়ার দ্য বেতুতা অ্যাডভোকেট নামে একটি পত্রিকাতে একটি ছবি প্রকাশ করা হয় ওই ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন হেড। তার পাশে ১১ নার্সের কোলে ১১টি বাচ্চা। বাচ্চাদের মুখের জায়গায় বসানো হয়ে বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে খেলা ১১ ক্রিকেটারের ছবি। সঙ্গে লেখা হয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার এক ব্যক্তি ১১টি পুত্র সন্তানের জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন।
ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিতর্ক বাড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক কামিন্স ও ম্যাক্সওয়েল। তারা বিতর্কিত সেই ছবিতে ‘লাইক’ দিয়েছেন। প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের এমন কুৎসিত অপমানের প্রতিবাদ না করে তারাও অংশগ্রহণ করেছেন রসিকতায়। যা নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশ তাঁদের পাল্টা নিন্দা জানিয়েছেন।
এর আগে ভারতের মাটিতে ফেভারিট রোহিদের হারিয়েই ষষ্ঠ বিশ্বকাপ জেতায় অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে প্রথম বিতর্কের জন্ম দেয় স্বাগতিক সমর্থকরা। ভারতের হৃদয় ভেঙে ‘ম্যান অব দ্য ফাইনাল’ হেডের পরিবারকে ধর্ষণের হুমকি দেন এক ভারতীয়। অস্ট্রেলীয় ওপেনারের স্ত্রী এমনকি এক বছরের মেয়েকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। অবশ্য এমন কদর্য আক্রমণ এবং মানসিকতার নিন্দা জানান ভারতেরই অনেক ক্রিকেটপ্রেমী। কেউ কেউ আবার পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করেছেন। অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে অবশ্য এই ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।
এছাড়া, বিয়ার হাতে বিশ্বকাপ ট্রফির ওপর পা তুলে উদযাপন করছেন মিচেল মার্শ— এমন ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এরপর মার্শের নামে মামলা করেছেন পন্ডিত কেশব নামের এক ভারতীয় অ্যাক্টিভিস্ট। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি