ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আবারো ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব নাকচ করলেন আনচেলত্তি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০৯:১১ পিএম

আবারো ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব নাকচ করলেন আনচেলত্তি

 আবারো ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব নাকচ করলেন আনচেলত্তি

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ট্রাইবেকারে হেরে আসর থেকে ছিটকে গিয়েছিলো ব্রাজিল। এরপরই নেইমারদের দায়িত্ব ছেড়েছেন ২০১৬ সালে যোগ দেওয়া কোচ তিতে। নতুন কোচ কে হবেন, এ নিয়ে শুরু হয়েছিল গুঞ্জন।

জানা গেছে, কোচ হওয়ার জন্য লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ইতালিয়ান এই কোচ রিয়ালের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ থাকায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান।

পরে সিবিএফ ঘোষণা করে, রিয়ালের সাথে চুক্তি শেষ করে নেইমারদের দায়িত্ব নেবেন আনচেলত্তি। এর মধ্যে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ব্রাজিলিয়ান ফার্নান্দো দিনিজ।

শনিবার আরো একবার ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব নাকচ করে দিলেন আনচেলত্তি। রোববার লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে আনচেলত্তিকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, এটি আমাকে গর্বিত করে, ব্রাজিল দলের মতো বিশ্বের অন্যতম বড় দল আমাকে নিয়ে কথা বলে। এটি শুধু আমাকে গর্বিত করে; এর বেশি কিছু না। সবকিছু খুব পরিষ্কার। আমার ৩০ জুন পর্যন্ত (রিয়ালের সাথে) একটি চুক্তি রয়েছে এবং সেই তারিখ পর্যন্ত আমি আমার ভবিষ্যতের বিষয়ে উত্তর দেবো না।

এদিকে আনচেলত্তি কোচ হিসেবে পাওয়ার বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী সিবিএফ সভাপতি এদনান্দো রদ্রিগেজ। তিনি বলেছেন, ২০২৪ সালের কোপা আমেরিকা আসরের আগেই ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন আনচেলত্তি। শেষ পর্যন্ত আনচেলত্তি ব্রাজিলের সঙ্গে যোগ দেবেন কিনা, সময়েই তা বলে দিবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি