এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৩, ০৬:১১ পিএম
আকাশে ভাসছে প্রেম, বিমানের ভিতরেই বাসরঘর
পরম্পরা নাকি পারিবারিক ঐতিহ্য? ৩ দশক আগে সকলকে অবাক করে দিয়ে মাঝ আকাশে বিমানের ভিতর গাঁটছড়া বেঁধেছিলেন পিতা দিলীপ পপলে। মাটি থেকে হাজার হাজার ফুট উপরে শুরু হয়েছিল জীবনের এক অধ্যায়। ৩০ বছর পর সেই ‘ট্র্যাডিশন’ বজায় রাখলেন মেয়ে। ঠিক বাবার মতোই মহা ধুমধাম করে অতিথি-সমাহারে মধ্য গগনে এক হল চারহাত, তবে এবার বিদেশের আকাশে।
বিধি পপলে ভারতীয় বংশোদ্ভূত হলেও আদতে দুবাইয়ের বাসিন্দা। তার স্বামী হৃদেশ সাইনানিও তাই। বিধির বাবা সংযুক্ত আরব আমিরাতের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। বাবার ইচ্ছায় ৩০ বছর আগে ১৯৯৪ সালে দিলীপ উড়ন্ত বিমানের মধ্যেই বিয়ে করেছিলেন বিধির মা সুনীতাকে। বিয়ের জন্য এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এয়ারবাস এ৩১০ ভাড়া করেছিলেন তারা। মুম্বাই থেকে আহমদাবাদে উড়ে যেতে যেতেই সাতপাকে বাঁধা পড়েছিলেন দিলীপ-সুনীতা। সেই বিয়ের নাম দেওয়া হয়েছিল ‘হাওয়াই বন্ধন’। সেখানে খাবারের দায়িত্বে ছিলেন সেলিব্রিটি শেফ সঞ্জীব কাপুর।
দিলীপের ইচ্ছাতেই সেই পথে হেঁটেছেন বিধি। দুবাই থেকে বোয়িং ৭৪৭ বিমানটি ভাড়া করা হয়েছিল বিয়ের জন্যই। দারুণ ভাবে সাজিয়ে তোলা হয়েছিল বিয়ের মণ্ডপ। ৩০০ জন নিমন্ত্রিত অতিথির জন্য বিয়ের থিমের সঙ্গে সাযুজ্য রেখে বদলে দেওয়া হয়েছিল বিমানের আসনের ডিজাইন। প্রতিটি সেকশনে লাগানো হয়েছিল প্রজেক্টর, যাতে সকলেই বিয়ের অনুষ্ঠান দেখতে পান ভালভাবে।
বিধিকে বিয়ে করার জন্য ফেরারি গাড়িতে চড়ে দুবাই বিমানবন্দর টারম্যাকে এসে হাজির হয়েছিলেন বর হৃদেশ। সঙ্গে ছিলেন বরযাত্রীরাও। সকলে বিমানে ওঠার পর জেটেক্স দুবাই প্রাইভেট টার্মিনাল থেকে ওমানের উদ্দেশে রওনা দেয় বোয়িং ৭৪৭। ৩ ঘণ্টার যাত্রাপথেই বিয়ে সুসম্পন্ন হয় বিধি-হৃদেশের। অতিথিদের জন্য ছিল সাত-তারা খাওয়া দাওয়ার এলাহি আয়োজন।
মেয়ের অভিনব বিয়ের আয়োজনে হওয়া পিতা দিলীপ ছেলের বিয়ে নিয়ে বলেন, ‘আশা করছি, আমার ছেলের বিয়ের জন্য প্রযুক্তি আমাদেরকে আরও বড় কিছু করার সুযোগ করে দেবে, যেমন মহাকাশে বিয়ে।’
পপলে গ্রুপ বিলাসবহুল গয়নার একটি বিখ্যাত নাম। এটি ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দুবাই এবং মুম্বাইতে সংস্থাটির বেশ কয়েকটি স্টোর রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি