ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সালমান বাটকে নির্বাচক প্যানেল থেকে সরিয়ে দিলেন ওয়াহাব রিয়াজ


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ পিএম

সালমান বাটকে নির্বাচক প্যানেল থেকে সরিয়ে দিলেন ওয়াহাব রিয়াজ

সালমান বাটকে নির্বাচক প্যানেল থেকে সরিয়ে দিলেন ওয়াহাব রিয়াজ

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে লিগ পর্ব থেকে বিদায় নিয়েছিলো পাকিস্তান। যা কোনো ভাবেই মেনে নিতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই ম্যানেজমেন্টে ব্যাপক পারিবর্তন এনেছে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ।

বিশ্বকাপের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বাবর আজম। তার জায়গায় টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ ও টি-টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদি। প্রধান নির্বাচকের দায়িত্ব পান সাবেক পেসার ওয়াহাব রিয়াজ।

প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের দলও ঘোষণা করেছেন তিনি। গত শুক্রবার তার পরামর্শক হিসেবে সালমান বাট, কামরান আকমল ও রাও ইফতিখারকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু বাটকে নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় রিয়াজকে। তাই একদিন না পেরোতেই বাটকে চাকরি থেকে সরিয়ে দেন তিনি।

গুঞ্জন উঠেছে পরামর্শক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ওয়াহাব স্বজনপ্রীতি করেছেন। এর পাশাপাশি সালমানের পাশে ফিক্সিংয়ের কালিমা তো লেগেই আছে। ২০১০ সালে স্পট ফিক্সিং কাণ্ডে পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে ১০ বছর নিষিদ্ধ করে আইসিসি।

এই নির্বাচক প্যানেলের সমালোচনা করে পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলেন, এমন নির্বাচক প্যানেল থাকাটা অস্বাভাবিক ব্যাপার। যেখানে একজনের সিদ্ধান্তে স্বজনপ্রীতির প্রভাব দেখা যাচ্ছে। আরেকজন ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলো। 

ফলে তোপের মুখে পড়ে বাটকে প্যানেল থেকে সরিয়ে নেন ওয়াহাব। কিন্তু নিজের এই সিদ্ধান্তে তিনি খুব একটা খুশি নন, সালমান বাটকে নিয়োগ দেওয়া নিয়ে আমার সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে আমি বন্ধুত্বকে প্রাধান্য দিয়েছি। এটা আমি হতে দিতে পারি না। যে কারণে আমি বাটকে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করছি।