ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নারী ক্রিকেট দলের স্মরণীয় জয়


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ পিএম

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নারী ক্রিকেট দলের স্মরণীয় জয়

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নারী ক্রিকেট দলের স্মরণীয় জয়

নিগারদের দেড়শ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে ৯ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ছিল কোন উইকেটে না হারিয়ে  ৬৮। ম্যাচ অনেকটাই চলে গিয়েছিল তাদের মুঠোয়। সেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াল দারুণভাবে। বেনোনিতে প্রথম টি-টোয়েন্টিতে রোববার দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে বাংলাদেশের জয় ১৩ রানে। 

বিডিনিউজ জানায়, টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ ম্যাচে বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় জয় এটি, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম। এর আগে ২০১২ সালে মিরপুরে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

এবারের জয়ের নায়ক লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথমবারের মতো তিনি ৫ উইকেট নেন ২৮ রান দিয়ে।

ব্যাট হাতে বড় অবদান রাখেন মুর্শিদা খাতুন। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৫৯ বলে ৬ চার ও এক ছক্কায় অপরাজিত ৬২ রান করেন তিনি। ২১ বলে ৬ চারে অপরাজিত ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা।

২০ ওভারে বাংলাদেশ ২ উইকেটে করে ১৪৯ রান। জবাবে শক্ত অবস্থানে থেকে পথ হারিয়ে দক্ষিণ আফ্রিকা করতে পারে ৮ উইকেটে ১৩৬।

শনিবারই সিলেটে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে টাইগাররা প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পায়।