এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম
মিয়ানমারে ৩ বছরে নিহত ৬৬৪ নারী, ১০ দিনে হত্যার শিকার ৩০০ বেসামরিক
বার্মিজ উইম্যানস ইউনিয়ন (বিডব্লিউইউ) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত আর্টিলারি, বিমান হামলা এবং ভয়াবহ যুদ্ধের মধ্যে পড়ে ৬৬৪ জন নারী নিহত হয়েছে। সূত্র: ইরাবতি
বিডব্লিউইউ’র প্রতিবেদনে আরো জানানো হয়েছে, অযৌক্তিকভাবে জান্তারা দুই হাজার ৪৪১ জনকে গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছে। একইসঙ্গে ৭০৬ জন নারীকে বিনা কারণে অপরাধী হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
গ্রুপটি বলেছে, এই সংখ্যা উল্লেখ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এবং প্রকৃত সংখ্যা এর চাইতে অনেক বেশি হতে পারে। বিডব্লিউইউ বলেছে, গত মাসেই উত্তরাঞ্চলীয় শান রাজ্য, সাগায়িং, মগওয়ে, বাগো, মান্দালয়, তানিনথিরাই এবং ইয়ানগুন অঞ্চল এবং শিন, রাখাইন, মন ও কায়া রাজ্যে ৩৮ নারী নিহত হয়েছে।
শান রাজ্যে এখন চলছে ভয়াবহ যুদ্ধ। নভেম্বর মাসে সেখানেই সর্বাধিক সংখ্যক নারী নিহত হয়েছে। মাসটিতে সেখানে নিহত হয়েছে ১২ নারী। এর মধ্যে সাগায়িং অঞ্চলে ছয় এবং বাগো অঞ্চলে পাঁচ। বিডব্লিউইউ বলেছে, সারাদেশে নভেম্বর মাসে নিহত ৩৮ নারীর মধ্যে ১৯ জন আর্টিলারিতে, ১৩ জন বিমান হামলায়, চারজন গুলিতে এবং একজনকে পুড়িয়ে মারা হয়েছে। এ সময়ে ১৬ নারীকে গ্রেপ্তার করেছে জান্তা বাহিনী।
অপরদিকে জাতীয় ঐক্য সরকার জানিয়েছে, ২৭ অক্টোবর ব্রাদারহুড অ্যালায়েন্সের অভিযান শুরু হওয়ার পর পলায়নপর জান্তা বাহিনী বেসামরিক লোকদের উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছে। নভেম্বর মাসে সারাদেশের ২৪৪টি টার্গেটে হামলা চালিয়ে ৩০৯ জন বেসামরিক লোককে হত্যা করেছে জান্তারা। এ সময়ে আহত হয়েছে আরো ৪১৩ জন।