ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মিয়ানমারে ৩ বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তা সরকারের বৈঠক


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম

মিয়ানমারে ৩ বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তা সরকারের বৈঠক

 মিয়ানমারে ৩ বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তা সরকারের বৈঠক

মিয়ানমারের সামরিক সরকার জান্তা বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী তিনটি বিদ্রোহী গোষ্ঠীর এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে। এ বৈঠক অনুষ্ঠানে সহায়তা করেছে চীন। সোমবার মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবর এটি জানায়।

দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির রাজনৈতিক দল এনএলডি নির্বাচনে জয়ের পর ক্ষমতায় তাদের দ্বিতীয় মেয়াদ শুরুর ঠিক আগে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। তারপর থেকেই দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘাত শুরু হয়েছে দেশটির বেসামরিক জনগণ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর। সম্প্রতি দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো জোট গড়ে সামরিক জান্তার বিরুদ্ধে আন্দোলন জোরদার করেছে।

দেশটির কয়েকটি ফ্রন্টে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের হামলায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিদ্রোহীদের কাছে নিজেদের অনেক ঘাঁটি ও নিরাপত্তা চৌকির নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী।

বিদ্রোহী গোষ্ঠী ও গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলো ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নামের একটি জোট গঠন করে গত অক্টোবর থেকে মিয়ানমারের জান্তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে হামলা শুরু করে। দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলীয় চীন সীমান্ত লাগোয়া একাধিক শহর ও সামরিক নিরাপত্তা চৌকির নিয়ন্ত্রণ নিয়েছে এই জোটের সদস্যরা।

মিয়ানমারের সামরিক বাহিনীর মুখপাত্র জ্য মিন তুন বলেন, ‘মিয়ানমারের জাতীয় ঐক্য ও শান্তিপ্রক্রিয়া সমন্বয় কমিটি চীনের সহায়তায় বিদ্রোহীগোষ্ঠী এমএনডিএএ, টিএনএলএ এবং এএর প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে।’

সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলায় সশস্ত্র জাতিগত এই তিন গোষ্ঠী নেতৃত্ব দিচ্ছে বলে দেশটির সংবাদমাধ্যম এমআরটিভিকে জানিয়েছেন তিনি। জ্য মিন তুন বলেন, আলোচনার ওপর ভিত্তি করে চলতি মাসের শেষের দিকে উভয়পক্ষের মাঝে আরেকটি বৈঠক হতে পারে।

তবে বিদ্রোহীদের সাথে মিয়ানমারের জান্তা সরকারের প্রতিনিধিদের বৈঠক কোথায় এবং কখন অনুষ্ঠিত হয়েছে এবং কী নিয়ে আলোচনা হয়েছে, সেই বিষয়েও বিস্তারিত জানাননি জ্য মিন তুন। ওই তিন বিদ্রোহী গোষ্ঠীর প্রতিনিধিরা এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি