এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম
রেফারিকে ঘুষি, আজীবন নিষিদ্ধ আঙ্কারাগুচু ক্লাব প্রেসিডেন্ট
কয়েক দিন আগে তুরস্কের শীর্ষ ফুটবল লিগে রেফারির উপর আক্রমণ করেছিলেন আঙ্কারাগুচু ক্লাবের প্রেসিডেন্ট ফারুক কোকা। তিনি খেলা শেষে রেফারিকে ঘুষি মেরেছিলেন। দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ) বৃহস্পতিবার জানিয়েছে, তাদের ডিসিপ্লিনারি বোর্ড আজীবনের জন্য নিষিদ্ধ করেছে কোকাকে।
গত সোমবারের ঘটনায় আঙ্কারাগুচুকে ২০ লাখ লিরা জরিমানাও গুনতে হচ্ছে। দর্শক ও ক্লাব কর্মকর্তাদের মধ্যে বিবদমান অস্থিরতার কারণে ক্লাবটিকে পাঁচটি হোম ম্যাচ খেলতে হবে ফাঁকা স্টেডিয়ামে। আঙ্কারাগুচুর আরও একাধিক কর্মকর্তাকে নিষিদ্ধের পাশাপাশি জরিমানা করা হয়েছে।
রাইজস্পোরের বিপক্ষে আঙ্কারাগুচুর হোম ম্যাচের পর কোকা মাঠে ঢোকেন এবং রেফারি হালিল আমুত মেলেরকে ঘুষি মারেন। ৯৭তম মিনিটে রাইজস্পোরের গোলে ম্যাচটি জিততে পারেনি স্বাগতিকরা। ঘুষি মারার পর মাটিতে লুটিয়ে পড়েন মেলের, তখনও লাথি দিতে থাকেন কোকা।
পরের দিন কোকাকে গ্রেপ্তার করা হয়। এবং ফুটবল ফেডারেশন সবগুলো ম্যাচ বাতিল করেন। এক সপ্তাহ পর আগামী সোমবার থেকে আবার লিগ গড়াবে। বুধবার আঙ্কারা হাসপাতাল থেকে ছাড়া পান মেলের। তার মুখে ও চোখে আঘাতের চিহ্ন ছিল। অন্য কোনও স্বাস্থ্যগত সমস্যা ধরা পড়েনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি